সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হতেই তৃণমূলের আমলে তৈরি একাধিক বেআইনি বিল্ডিং, পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সূত্রে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাঁচতলা দলীয় কার্যালয়ের উপরেও বুলডোজার চালিয়েছিল রাজ্য সরকার। তবে সেই ইস্যু নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। এবার আরও বেশ কিছু দিন সেই স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ফলে এখনই ভাঙা যাবে না তৃণমূল সাংসদের দলীয় কার্যালয়।
এখনই ভাঙা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস অবৈধভাবে তৈরি, এই অভিযোগে গত ১৭ মে রাজ্যে সরকারের পালাবদলের পর অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। সেই অভিযোগের উপর ভিত্তি করেই গত ১৮ জুলাই ওই দলীয় কার্যালয়ে বুলডোজার চালানো হয়। এমনকি বিল্ডিংয়ের একটি অংশ ভেঙেও ফেলা হয়। সেই ইস্যু নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পরদিন ভাঙার কথা থাকলেও তার উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।
এদিকে সেই মামলার শুনানি ছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার। কিন্তু সেখানেই বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ স্পষ্ট জানায়, এখনই পার্টি অফিস ভাঙা যাবে না। আগামী ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। তবে আপাতত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দলীয় কার্যালয়ে হাত দেওয়া যাবে না। এদিন অভিষেকের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত সওয়াল করে জানান, ৫০৯ আর ৫১২ নম্বর দাগের জমির উপর অবৈধ নির্মাণের অভিযোগ তুলে ৫০৭ নম্বর দাগের জমি ভাঙা হয়েছে। এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দরকার।
আরও পড়ুন: ১০০ কোটি বিনিয়োগ করে বক্সা দুর্গে তৈরি হবে নেতাজি সংগ্রহশালা, বড় উদ্যোগ রাজ্য সরকারের
তবে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এই মামলার জন্য কিছুটা সময় চেয়ে নেন। দুই পক্ষের বক্তব্য শুনেই বিচারপতি ঘোষ আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আমতলার দফতর ভাঙার উপর স্থগিতাদেশ বহাল রাখেন। এমনকি এর আগে অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন, পার্টি অফিস ভাঙার জন্য মালিকপক্ষকে কোনও নোটিশ দেওয়া হয়নি। কোন নথির ভিত্তিতে এটাকে বেআইনি বলা হচ্ছে তাও স্পষ্ট নয়। সেই আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ চাপিয়েছিল।










