“আমি এখনও শেষ হয়ে যাইনি..” ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে বিশেষ বার্তা অভিষেকের

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: উপনির্বাচনের (West Bengal Bypoll 2026) আবহে রীতিমত টানটান উত্তেজনা রাজ্য রাজনীতিতে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে। এদিকে কালীঘাট তৃণমূলের (All India Trinamool Congress) ভবিষ্যৎ-ও এখন প্রশ্নের মুখে। তার উপর শুভেন্দু অধিকারী দাবি করেছেন চন্দ্রনাথ রথ খুনের নেপথ্যে নাকি ভাইপো গ্যাং। আর এসবের মাঝেই ইনস্টাগ্রামে নিজের চোখের একটি ক্লোজ-আপ ছবি পোস্ট করে চাঞ্চল্যকর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ইঙ্গিতপূর্ণ বার্তা অভিষেকের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ, বুধবার, সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ইঙ্গিতবাহী এক বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি স্টোরিতে নিজের চোখের ছবি পোস্ট করে লিখেছেন যে, “এই ক্ষতচিহ্নই বলে দেয় যে আমি কতটা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু আমার চোখ বলে দেয় আমি এখনও শেষ হয়ে যায়নি।” অর্থাৎ অভিষেক বুঝিয়ে দিলেন যে ময়দান ছেড়ে পালানোর লোক তিনি নন, আবারও সে বিরোধীদের সঙ্গে ময়দানে নিজের এবং দলের হয়ে লড়াই করে যাবেন।

Abhishek Banerjee

বিদেশে রয়েছেন অভিষেক

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা দীর্ঘদিনের। বহুবার চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তিনি। কিন্তু এবার রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ায় মহা সমস্যার মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক মামলায় জর্জরিত থাকায় বিদেশে চোখের চিকিৎসার জন্যও নানা সমস্যায় পড়তে হয়েছিল অভিষেককে। যদিও বর্তমানে চোখের চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই বিদেশে রয়েছেন অভিষেক। সেখান থেকেই ইনস্টাগ্রামে চোখের একটি ছবি স্টোরি দিয়েছেন তিনি। আর তার মাধ্যমেই ইঙ্গিত পূর্ণ বার্তা কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।

আরও পড়ুন: আরামবাগে স্কুলের বাথরুমে ভূতের আতঙ্ক! অসুস্থ একাধিক ছাত্রী

প্রসঙ্গত সামনেই নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে। একে একে সমস্ত দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে জোট বাধার আর্জি জানালেও সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল কংগ্রেস। তাই নিজেদের মতো করেই আলাদা প্রার্থী ঘোষণা করেছে কালীঘাট তৃণমূল। কিন্তু অনেকেরই ধারণা বর্তমানে তৃণমূলের যা পরিস্থিতি, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনও পথ নেই। কারণ, জোড়াফুল প্রতীকও আদৌ কতদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে, তা নিশ্চিত নয়। এখন দেখার নির্বাচনের পরিণতি কোন দিকে মোড় নেয়।