সৌরভ ও ডোনার প্রাণনাশের হুমকি দিয়ে CAB-তে চিঠি, তদন্তে নামল পুলিশ

Published:

Sourav Ganguly

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার প্রাণনাশের হুমকি চিঠি দেওয়া হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও তাঁর স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)। বাদ যায়নি স্টাফরাও। জানা গিয়েছে, কলকাতায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা CAB-এর অফিসে কুরিয়ারের মাধ্যমে হুমকি দুটি চিঠি আসে। রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি পরিবারে। ইতিমধ্যেই অভিযোগপত্রের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছেন সৌরভ এবং দ্রুত পুলিশি তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

প্রাণনাশের হুমকি সৌরভ ডোনাকে

সূত্রের খবর, গতকাল, সোমবার CAB-এর দফতরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে দুটি চিঠি পাঠানো হয়েছিল। খাম খুলতেই দেখা যায় ইংরেজিতে সৌরভ, ডোনা এবং তাঁদের কর্মীদের ‘শেষ করে দেওয়ার’ হুমকি রয়েছে। এছাড়াও চিঠিতে আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করা হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগজনক বুঝে গতকালই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, “গত কয়েকমাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে আমরা চিঠি পাচ্ছি। চিঠিতে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। প্রথমে সেটি নিয়ে বিশেষ গুরুত্ব না দিলেও। এবার সেই চিঠিগুলো ভাবাচ্ছে।”

থানায় অভিযোগ দায়ের সেক্রেটারির

পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্রে সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য আরও জানিয়েছেন যে, “চিঠির প্রেরক শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, পরিবার এবং তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের নিরাপত্তা নিয়েও হুমকি দিয়েছেন। তাই, এই নিয়ে আমরা দ্রুত পুলিশি হস্তক্ষেপ ও তদন্তের আবেদন জানাচ্ছি।” প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঠাকুরপুকুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। চিঠিগুলি কোথা থেকে পাঠানো হয়েছে, এর পিছনে কারা রয়েছে এবং হুমকির নেপথ্যে কোনও নির্দিষ্ট কারণ রয়েছে, নাকি শুধুই হেয়ালি, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। তাই আপাতত কোনও চূড়ান্ত তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে না।

আরও পড়ুন: রাজ্যের শিল্পে জোয়ার, কেন্দ্রের ‘ভব্য’ প্রকল্পে নাম উঠে এল নদিয়া এবং আসানসোলের

এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ২০১৭ সালে মেদিনীপুরে একটি ক্রিকেট অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে খবর প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনার পরও বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছিল। এমনকি কিছুদিন আগে সৌরভকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ‘সম্মানহানিকর’ পোস্ট করা হয়েছিল। বলা হয়েছিল তাঁর বাড়িতে নাকি ED হানা দিয়েছে। যদিও পড়ে সেই ফেসবুক পেজের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। তবে পুনরায় এই হুমকি চিঠির অভিযোগ সামনে আসায় সৌরভের নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।