টুলুর সংস্থার সমস্ত বরাত বাতিল, ডাকা হবে নতুন টেন্ডার, জানিয়ে দিলেন পুরমন্ত্রী

Published:

Tulu Mondal

সৌভিক মুখার্জী, কলকাতা: বেপাত্তা বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল (Tulu Mondal)। পাথর এবং বালির বেআইনি কারবারে যুক্ত ছিলেন তিনি। এমনকি তাঁরই আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ কোটি কোটি টাকা এবং সোনা। তবে এবার বেআইনি কারবারি টুলুর সংস্থার সমস্ত কাজের বরাত বাতিল করার নির্দেশ দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির দফতরে সংস্থার চেয়ারম্যান, পশ্চিম বর্ধমানের জেলা শাসকসহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী।

টুলু মণ্ডলের সমস্ত টেন্ডার বাতিলের নির্দেশ

বামফ্রন্ট জমানায় এই ব্যবসায়ীর আত্মপ্রকাশ হলেও তৃণমূলের আমলে দিনের পর দিন দাপট বাড়তে থাকে তাঁর। বীরভূমের বাসিন্দা টুলু। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি। বিশেষ করে পাথর এবং বালি পাচারের মাফিয়া হিসেবে বীরভূমজুড়ে নাম ছড়িয়ে পড়ে এই ব্যবসায়ীর। এমনকি তাঁর সেই বেআইনি ব্যবসার পরিধি বিস্তৃত হয় পশ্চিম বর্ধমান পর্যন্তও। আগের সরকারের আমলে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি খুলে নির্মাণ ব্যবসায়ী হিসেবে বিভিন্ন টেন্ডার নিতেন তিনি।

জানা গিয়েছে, ২০২৪ সালে অনলাইনে এক টেন্ডারের মাধ্যমে দুর্গাপুর পুরসভার ৩৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্প তালুকের একটি রাস্তা সংস্কারের বরাত পেয়েছিলেন টুলু। ৮ মাসের মধ্যেই শেষ করার কথা ছিল ৩.৬ কিলোমিটার দীর্ঘ ওই রাস্তাটি। তবে টাকা আত্মসাৎ করে দু’বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই রাস্তার কাজ এখনও সিংহভাগ বাকি। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আরও একটি পঞ্চায়েতে ১ কোটি টাকার পেভার ব্লকের রাস্তা তৈরির বরাত পেয়েছিল টুলুর ওই সংস্থা। কিন্তু সেই রাস্তারও কাজ হয়নি।

আরও পড়ুন: দিল্লির বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঠানো হল SIR-র নোটিশ, কী কারণে?

এদিন দুর্গাপুরে বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, টুলু মণ্ডলের বরাত নেওয়া সমস্ত কাজ শেষ করার জন্য ফের নতুন করে টেন্ডার ডাকা হবে। মন্ত্রীর কথায়, “বৈঠকে টুলু মণ্ডলের কাজের বরাত নিয়ে বিস্তারিত কথা হয়েছে। একজন ফেরার অভিযুক্তকে দিয়ে কাজ করানো যায় না।” উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরপরই গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল। রাস্তার কাজও বন্ধ। তাই স্থানীয়দের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্যই এবার অন্য কোনও সংস্থাকে কাজের বরাত দেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। তবে আপাতত রাস্তার কাজ শেষ হতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী।