শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে CAA নিয়ে নতুন বার্তা অমিত শাহের

Published:

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে CAA নিয়ে বড় বার্তা দিলেন অমিত শাহ (Amit Shah)। বঙ্গবাসীকে স্পষ্ট জানিয়ে দিলেন যে, নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে। সরকার পরিবর্তন হওয়ার আগে থেকেই বিগত কয়েক মাস ধরেই নাগরিকত্ব পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এবার সেইসব জটিলতা কাটিয়ে এক নতুন চিন্তা ও উদ্দেশ্যের কথা প্রকাশ্যে তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শাহ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ১২৫ ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপূজোর অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি বার্তা দেন, “এই ভূমিপুজোকে আলাদাভাবে দেখছি। সোনার বাংলা গঠনের সংকল্পপূরণের সূচনার দিন শুরু হল।” এর পরেই নেহরুর মন্ত্রিসভা থেকে শ্যামাপ্রসাদের ইস্তফার ঘোষিত ও প্রত্যক্ষ কারণ— ১৯৫০ সালের এপ্রিল মাসে স্বাক্ষরিত ‘নেহেরু-লিয়াকত চুক্তি’ বা ‘দিল্লি চুক্তি’— র প্রসঙ্গ তুলে ধরেন। ওই চুক্তিতে নাকি পাকিস্তান এবং বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের কথা চিন্তাই করা হয়নি।

কী জানালেন অমিত শাহ?

অমিত শাহ জানিয়েছিলেন যে, “আমি সেই পদত্যাগপত্র দেখেছি। চুক্তিটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অধ্যয়ন করে বলেছিলেন যে, তাতে পাকিস্তান এবং বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের কথা চিন্তাই করা হয়নি। এই কারণে শ্যামাপ্রসাদ বলেছিলেন, ‘ভারতে থেকে যাওয়া মুসলমানদের কথা চিন্তা করা হয়েছে। কিন্তু পাকিস্তান, বাংলাদেশের হিন্দুদের কথা ভাবা হয়নি। এই চুক্তি একতরফা। তাই আমি ইস্তফা দিচ্ছি।’’’ এরপরই নিউটাউনের মঞ্চ থেকে শাহ জোর গলায় বলেন, “এখন শ্যামাপ্রসাদের দলের সরকার CAA এনে হিন্দুদের নাগরিক করছেন। আমরা বাকিদেরও নাগরিকত্ব দেব।”

নাগরিকত্ব আইন নিয়ে বড় ভাবনা শাহের

নরেন্দ্র মোদি সরকার নাগরিকত্ব আইন চালু করেছিল। বাংলা-সহ ভারতে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে আগেই বার্তা দিয়েছিল বিজেপি সরকার। যেহেতু বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনেক শরণার্থী এসেছেন অতীতে, তাই তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এরপর ক্ষমতার পালাবদল হতেই কলকাতায় এসে ফের নাগরিকত্ব নিয়ে বড় বার্তা দিলেন শাহ। এদিন তিনি বলেন, “শ্যামাপ্রসাদের আত্মা আশীর্বাদ করছেন। উনি বলেছিলেন, এক দেশে আলাদা-আলাদা নিশান চলবে না। এখন প্রধানমন্ত্রী ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। সমস্ত সংকল্প পূরণ করছেন। ভারতের জমি থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বার করে ভারতকে পূর্ণ সুরক্ষিত বানাব।”

আরও পড়ুন: তাজমহল নাকি তেজো মহালয়? কেন্দ্র ও ASI-র কাছে জবাব তলব এলাহাবাদ হাইকোর্টের

প্রসঙ্গত, শুধু অমিত শাহ নন, দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের মধ্যেই ভিডিয়োবার্তা এবং সমাজমাধ্যমে লেখা পোস্টে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানিয়ে গতকাল লিখেছিলেন যে, “আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জয়ন্তী। আমি ভারতের অন্যতম অনন্য জাতি-নির্মাতার প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর জীবনে জ্ঞানচর্চা, সাহস এবং জাতির সেবার প্রতি অবিচল অঙ্গীকারের সংকল্প ছিল। তিনি ভারতের ঐক্য, মর্যাদা এবং অগ্রগতির জন্য নিজেকে নিবেদিত করেছিলেন।’’