প্রীতি পোদ্দার, কলকাতা: জমি হস্তান্তরের পর এবার সীমান্ত সুরক্ষা পরিদর্শনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা গিয়েছে, আগামী জুনের মাঝামাঝি সময়ে বঙ্গে এসে ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) বিএসএফের কাজ সরজমিনে খতিয়ে দেখবেন তিনি। অনুপ্রবেশ ইস্যু নিয়ে শুরু থেকেই বরাবর তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছিল কেন্দ্র। এবার বিজেপি ক্ষমতায় আসতেই সীমান্তে সুরক্ষা জোরদার নিয়ে তৎপর হয়ে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জুনেই আসছেন অমিত শাহ
অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট এই তিন নীতিকে সামনে রেখে বাংলার সীমান্ত রক্ষার্থে এগিয়ে এসেছে সরকার। কিছুদিন আগেই BSF কে জমি হস্তান্তর নিয়ে বড় ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। ২৭ কিমি দীর্ঘ এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি দেওয়া হয়েছিল। এমতাবস্থায় সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখতে দেশজুড়ে সফর শুরু করছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সফর তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। জানা গিয়েছে, আগামী ১৫ জুন রাজ্যে আসবেন তিনি। পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকার কোনও একটি BSF পোস্ট ঘুরে দেখবেন এবং সীমান্ত লাগোয়া জেলার ডিএম, এসপি, পুলিশ আধিকারিক, রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন।
সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র খবর, চার রাজ্যে সফর করবেন অমিত শাহ। রবিবার রাজস্থানের বিকানেরের পর সোমবার বিএসএফের সাঞ্চ সীমান্ত চৌকি পরিদর্শন ও নিরাপত্তা বৈঠক করেছেন তিনি। আগামী ২৯ মে গুজরাতের ভুজ সফরে যাবেন। এরপর ৫ জুন ত্রিপুরা সীমান্ত সফরের কর্মসূচিও রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের মতে, এই সফর নিছক প্রশাসনিক নয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তাও বহন করছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ সফর ঘিরেই এখন সব চেয়ে বেশি আগ্রহ দিল্লি ও রাজ্যের রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ বন্ধ! নতুন নামে বড় উদ্যোগ নিতে চলেছে শুভেন্দু সরকার
‘স্মার্ট বর্ডার’ প্রকল্পে জোর
কিছুদিন আগেই পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তজুড়ে প্রায় ৬,০০০ কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করতে একটি ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এই প্রকল্পে ড্রোন, রেডার এবং নজরদারি ক্যামেরার সাহায্যে একটি নিশ্ছিদ্র নজরদারি পরিকাঠামো গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে হয়ত চার রাজ্যে সফরের পর স্মার্ট বর্ডার বাস্তবায়ন নিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।










