জুন মাসেই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, আবেদনে কী কী নথি লাগবে? জানুন

Published:

Annapurna Bhanda

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার আগে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের (Annapurna Bhandar)আওতায় বাংলার মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। যেমন কথা, তেমন কাজ যাতে হয় সেদিকে বিশেষ নজর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এর আগে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, পহেলা জুন রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢুকে যাবে। এবার তা নিয়েই মিলল বড় আপডেট।

লক্ষীর ভান্ডার যাঁরা পেতেন তাঁরা কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নেবেন?

রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরো ন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল একেবারে খোলাখুলি জানালেন, রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে দিয়েছে। রাজ্যের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন, তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন। এই প্রকল্পের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রত্যেক মাসে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

এ নিয়ে মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করেছেন, আগামী পহেলা জুন থেকেই রাজ্যের মহিলারা অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন। যদিও তার আগে উপভোক্তাদের তালিকা একবার খতিয়ে দেখবে সরকার। টাকা পাঠানোর আগে গোটা তালিকাটাই বিশদে পর্যালোচনা করা হবে। মূলত যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে এবং মৃত ব্যক্তি ও যাঁরা ভারতের নাগরিক নন এমন কেউ যদি লক্ষীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন তবে দ্রুত সেই ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেবে রাজ্য। এক কথায়, গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এমন পদক্ষেপ।

যদিও সাংবাদিক বৈঠক চলাকালীন একেবারে শেষের দিকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্বস্তি দিয়ে জানিয়েছেন, যে সমস্ত মহিলারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অর্থাৎ যাঁদের নাম বিচারাধীন এবং যাঁরা CAA এর জন্যেও আবেদন করেছেন, চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আপাতত তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। যদিও এ নিয়ে আরও কয়েকটি নির্দেশিকা জারি করতে পারে রাজ্য সরকার।

অবশ্যই পড়ুন: সপ্তম পে কমিশন ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে কার্যকর? কতটা বাড়বে ডিএ?

অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে আবেদন করতে গেলে কী কী নথি লাগবে?

সরকারি সূত্র মারফত খবর, যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে চান সে ক্ষেত্রে তাঁকে আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই, আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, ভোটার কার্ড বা রেশন কার্ড এবং বাসস্থানের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে পোর্টাল খোলার পর আবেদনের জন্য কোন কোন নথিপত্র লাগবে তা নিয়ে একটা স্পষ্ট তালিকা দেবে সরকার।