অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অ্যাকাউন্টে? এবার বাড়িতে বসেই জানাতে পারবেন অভিযোগ

Published:

online portal

আনিষা চৌধুরী, কলকাতা: দুস্থ মহিলাদের আর্থিক সহায়তার জন্য একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই তালিকায় অন্যতম প্রকল্প হিসেবে জায়গা দখল করেছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। তবে প্রকল্পের জন্য আবেদন করার পরেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি বলে অভিযোগ। কারও আবেদনের স্ট্যাটাস দীর্ঘদিন ধরে ‘Under Process’ দেখাচ্ছে। ফলে আদৌ কবে মিলবে প্রকল্পের সুবিধা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে এবার বাড়িতে বসেই সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন আবেদনকারীরা।

সরকারের নতুন পদক্ষেপ

এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের CMO Grievance Portal-এ অভিযোগ নথিভুক্ত করতে হবে। প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে cmoc.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Raise Grievance’ অপশনে ক্লিক করে যে মোবাইল নম্বরটি চালু আছে সেটি দিতে হবে। এরপর OTP-এর মাধ্যমে নম্বর যাচাই করে অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করা যাবে। অর্থাৎ, সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন ছাড়াই অনলাইনে এই পদ্ধতিতে অভিযোগ জানানো সম্ভব।

অভিযোগ জানানোর সময় আবেদনকারীর ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করা জরুরি। নির্দিষ্ট ফর্মে নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা, বিধানসভা কেন্দ্র, পোস্ট অফিস-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাশাপাশি নিজের ক্যাটাগরি অর্থাৎ SC, ST, OBC অথবা General উল্লেখ করতে হবে। এরপর ‘Grievance Details’ অংশে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার সমস্যাটি বিস্তারিতভাবে লিখতে হবে। দীর্ঘদিন ধরে আবেদন প্রক্রিয়াধীন থাকলে সেই বিষয়টিও উল্লেখ করতে হবে। প্রয়োজনে নিজের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অভিযোগের কারণ স্পষ্ট করা যেতে পারে।

শুধু অভিযোগের বিবরণ দিলেই হবে না, প্রয়োজনীয় নথিও জমা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার রিসিভ কপি কিংবা আবেদনের বর্তমান স্ট্যাটাসের স্ক্রিনশট থাকলে তা ছবি অথবা PDF ফরম্যাটে আপলোড করা যাবে। সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। অভিযোগ সফলভাবে জমা পড়লে একটি Grievance Number দেওয়া হবে। ভবিষ্যতে অভিযোগের অগ্রগতি জানতে এই নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেটি লিখে রাখুন।

আরও পড়ুন: ‘যুবশ্রী’ ও চাকরির খবর পেতে চাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, কীভাবে করবেন? জানুন

অন্যদিকে, অনলাইনে অভিযোগ জানানোর সময় কোনও সমস্যা হলে সরকারি হেল্পলাইন নম্বর 82820 82820-তে যোগাযোগ করতে পারেন আবেদনকারীরা। এছাড়াও asap@wb.gov.in ঠিকানায় ইমেল পাঠিয়ে নিজেদের সমস্যার কথা জানানো যাবে। তাই দীর্ঘদিন ধরে অন্নপূর্ণার টাকা না পেয়ে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁরা এই পদ্ধতিতে অভিযোগ নথিভুক্ত করতে পারেন। তবে অভিযোগ জানালেই দ্রুত টাকা পাওয়া নিশ্চিত, এমন নয়। আবেদনটি খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।

google button