এই ৫ কারণে অক্টোবরে মিলবে না অন্নপূর্ণা যোজনার ৩০০০, বাদ পড়বেন কারা?

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, পুজোর মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা কবে ঢুকবে? আগস্ট মাসেই রাজ্যের তরফ থেকে যাচাই-বাছাই করে ফাইনাল লিস্ট তৈরি করা হয়। সেই অনুযায়ী দেওয়া হচ্ছে অর্থ সহায়তা। এমনকি আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আরও ১০ লক্ষ উপভোক্তা বেড়েছে এই প্রকল্পে। পাশাপাশি চলতি মাসে সেবা সেতু ক্যাম্প থেকে আবেদন করেছেন বহু নতুন মহিলা। তবে সামান্য কয়েকটি ভুল করলেই অক্টোবরে না মিলতে পারে অন্নপূর্ণার ৩০০০ টাকা।

অক্টোবরে ঢুকবে না অন্নপূর্ণা যোজনার টাকা?

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও অক্টোবরে একটা বৃহৎ অংশের মহিলারা এই টাকা পাবেন না। আসলে বহু অযোগ্য মহিলা এই প্রকল্পে ঢুকে রয়েছেন যারা ভুয়ো তথ্য দিয়ে এতদিন সুবিধা নিয়ে আসছিলেন। রাজ্যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছিলেন, সেই সমস্ত মহিলাদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করা হবে। কিন্তু ঠিক কাদের অযোগ্য হিসেবে ধরছে সরকার?

গত মাসের ১৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে অন্নপূর্ণার টাকা দিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। বিগত মাসে পেয়েছিলেন ১ কোটি ৫৬ লক্ষ মহিলা। এই তথ্য নিজেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে রাজ্য সরকারের দাবি, এর মধ্যে একটি বৃহৎ অংশ অযোগ্য। সেই সূত্রে তারা সেপ্টেম্বরের টাকা পেলেও অক্টোবরে বাদ যেতে পারেন। এমনকি নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনায় ঝাড়াই-বাছাইয়ের কাজ এখনও চলছে। এই প্রকল্পে টাকা পাওয়ার পরও যদি কেউ অযোগ্য প্রমাণিত হন, তাহলে তার নাম বাদ যেতে পারে।

আরও পড়ুন: আজও কমে গেল সোনা, রুপোর দাম! দেখুন রেট

তবে প্রধান পাঁচটি কারণে অক্টোবর মাসে না মিলতে পারে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। প্রথমত, আবেদনপত্রে ভুল তথ্য দিয়ে থাকলে নাম বাদ যাবে। দ্বিতীয়ত, তথ্য গোপন করে আবেদন করলে নাম বাদ যাবে। তৃতীয়ত, সরকারের তরফ থেকে পেনশন পেলে এই প্রকল্পের আওতায় মিলবে না ৩০০০। চতুর্থত, কোনও সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে সেই মহিলার নাম বাদ যাবে এবং পঞ্চমত পরিবারের কোনও সদস্য আয়কর প্রদান করলে অক্টোবরে মিলবে না ৩০০০ টাকা। যদিও অক্টোবরে কবে টাকা দেওয়া হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে, পুজোর আগেই হয়তো দেওয়া হতে পারে অর্থ সহায়তা।

google button