সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, এই অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছেন মহিলারা। জনকল্যাণ শিবির বা সেবা সেতু ক্যাম্পে ভাঙচুর পর্যন্ত চালাচ্ছেন তারা। চার মাসের টাকা দেওয়া হলেও কেউ কেউ এখনও একটি কিস্তিও পাননি। যদিও নতুন করে আবেদন শুরু হয়েছে, তবে তাও এতদিন বঞ্চিত হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন মহিলারা। এবার তাদের উদ্দেশ্যেই বড় বার্তা দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বললেন, “অন্নপূর্ণা যোজনা না পেলে মণ্ডল সভাপতির বাড়ি ঘেরাও করুন।”
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা বিজেপি বিধায়কের
এর আগেও অসীম সরকার তাঁর নিজের বিধানসভার অন্তর্গত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি রাজ্যজুড়ে এখন বসছে সেবা সেতু ক্যাম্প, যার মাধ্যমে নতুন করে আবারও এই প্রকল্পে আবেদন করার সুযোগ থাকছে। তবে চার মাসের টাকা না মেলায় রাজ্য প্রশাসনের উপরেই চড়াও হচ্ছেন মহিলারা। এ প্রসঙ্গে আজ অসীম সরকার বিজেপির মণ্ডল সভাপতি এবং বুথ সভাপতির বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করেছেন।
বিধায়ক বলেন, “সমস্ত মণ্ডল সভাপতিদের কাছে আমি একটি সুন্দর বার্তা পৌঁছে দিচ্ছি। আপনাদের আমি তিন দিন টাইম দিচ্ছি। এই আমি কিন্তু তিনবার ভিডিও করলাম। এরপরে যদি কোনও মণ্ডলে কোনও মায়েরা বলে, যারা পাওয়ার যোগ্য, তাদের বাড়িতে কোনও চাকরি-বাকরি নেই, তারা সত্যি গরিব মানুষ, যাদের পাওয়ার যোগ্য, তারা যদি বলে আমি পাইনি, সমস্ত দায়ভার কিন্তু মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, শক্তি প্রমুখের উপর বর্তাবে। আমি বলব, ওদের বাড়িঘর ঘেরাও করো। তোমরা যেভাবে পারো মাইক নামিয়ে দাও আজকে বিকেলেই।”
আরও পড়ুন: “লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ…” ৬ মাসের মধ্যেই বাংলায় UCC চালুর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বিধায়ক বলেন, “যারা অন্নপূর্ণার টাকা পায়নি, রিজেক্ট করেছে কিংবা নতুন, একেবারে বাদ গেছে, ৩ দিন টাইম, এর মধ্যেই আমার যে পিএ বিপ্লববাবু রয়েছেন, তাঁর কাছে পৌঁছে দিন আপনারা যে ক্লেইম করেছিলেন, সেই ক্লেইম রিসিপ্ট। আর যারা নতুন করবেন, তাদের কীভাবে করতে হবে বিপ্লববাবুর ফোন নম্বর আমি বলে দিচ্ছি, বিপ্লববাবুর ফোনে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন। যদি এর পরে আমাকে কেউ বলে যে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি, সমস্ত দায় বর্তাবে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি এবং শক্তি প্রমুখদের উপরে।”










