প্রীতি পোদ্দার, কলকাতা: জুলাইতেই মিটেছে সই চুক্তি, রাজ্য সরকারের হস্তান্তর প্রক্রিয়ার পর এবার আসানসোল (Asansol) ESI হাসপাতাল হতে চলেছে পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে শিল্পাঞ্চল আসানসোল-দুর্গাপুরের (Durgapur) সাধারণ মানুষ এবং হাজার হাজার শিল্প শ্রমিকের জন্য প্রকাশ্যে এল বিরাট খবর। গতকাল রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) প্রশ্নের লিখিত জবাবে এমনই তথ্য জানালেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে।
স্বাক্ষরিত হল বহুল প্রতীক্ষিত সমঝোতা স্মারক
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের তোলা এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন সরকারের আমলেই গত ১৪ জুলাই ২০২৬ এ রাজ্য সরকার ও ESIC-র মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি সমঝোতা স্মারক বা ‘MoU’ অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে, একটি পূর্ণাঙ্গ ‘ESIC মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’-এ রূপান্তরিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আসানসোলের ESI হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কর্মচারী রাজ্য বিমা নিগম ESIC-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
Asansol Gets Its First Medical College!
A long-pending MoU has finally been signed — ESI Hospital, Asansol has been formally handed over by the West Bengal Government to ESIC for its upgradation into an ESIC Medical College and Hospital, with the agreement signed on 14th July… pic.twitter.com/LS5YHiVXTU
— Amit Malviya (@amitmalviya) August 6, 2026
৫০টি MBBS আসনের অনুমতি চেয়ে আবেদনপত্র
জানা গিয়েছে ইতিমধ্যেই হাসপাতালটিকে মেডিক্যাল কলেজে উন্নীত করার জন্য প্রয়োজনীয় সকল পরিকাঠামোগত প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কাছে ৫০টি MBBS আসনের অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই নতুন এই মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের ডাক্তারি পঠনপাঠন ও ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়ে গিয়েছে গোটা অঞ্চল জুড়ে। আসলে এটি আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এক বড় অগ্রগতি।
আরও পড়ুন: যেতেই হবে বিদেশে! হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক
এই নয়া উদ্যোগের ফলে আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধার পাশাপাশি এখানে পাওয়া যাবে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, সর্বাধুনিক ডায়াগনস্টিক পরিকাঠামো এবং উন্নতমানের জরুরি চিকিৎসা পরিষেবা। একই সাথে স্থানীয় ও রাজ্যস্তরের মেধাবী ছাত্রছাত্রীরা নিজ রাজ্যেই উন্নতমানের চিকিৎসা শিক্ষার সুযোগ পাবেন।। প্রসঙ্গত, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে কর্মরত অসংখ্য বিমাকৃত শ্রমিক ও তাদের পরিবার সঠিক চিকিৎসা পাচ্ছিল না, কিন্তু এবার আশা করা যাচ্ছে এই উন্নত পরিষেবা চালু হলে হাজার হাজার বিমাপ্রাপ্ত শ্রমিক ও তাঁদের পরিবার উপকৃত হবে।










