ছেড়ে চলে গিয়েছেন স্বামী, ছাগলের দুধ খাইয়ে সদ্যজাতকে মানুষ করছেন অসহায় ঝুমাদেবী

Published:

Sad Story

আনিষা চৌধুরী, কলকাতা: অভাব ঠিক কতটা কঠিন হতে পারে সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অশোকনগরের এক অসহায় মায়ের আর্তনাদ (Sad Story)। সদ্যোজাত মেয়েকে খাওয়ানোর মতো দুধ কেনার সামর্থ্যটুকুও নেই তাঁর। তাই নিজের সন্তানকে বাঁচিয়ে রাখতে পাশের বাড়ি থেকে ছাগলের দুধ এনে মেয়েকে খাওয়াচ্ছেন মা ঝুমা রায়। ঘরে খাবার নেই, হাতে টাকা নেই, অথচ কোলের শিশুটির মুখের দিকে তাকিয়ে প্রতিদিন কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে চলেছেন তিনি। চরম অভাব অনটনের মধ্যে দিয়েই দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন ঝুমা দেবী।

সংসারে খাবার জোটানোই বড় লড়াই

মাসের অধিকাংশ দিনই ঘরে বাজার থাকে না। কখনও সামান্য কিছু খাবার জোটে, আবার কখনও সেটুকুও থাকে না। এর মধ্যেই ছেলের জ্বর এসেছে। কিন্তু অসুস্থ সন্তানকে রান্না করে খাওয়ানোর মতো খাবারও ঘরে অবশিষ্ট নেই। একদিকে জ্বরাক্রান্ত ছেলে, অন্যদিকে সদ্যোজাত মেয়ের খাবারের চিন্তা, দুই সন্তানকে নিয়ে প্রতিদিনই চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে মাকে।

আগে লোকের বাড়িতে কাজ করতেন ঝুমা। সেই কাজের সামান্য আয়েই কোনওভাবে সংসার চালানোর চেষ্টা করতেন তিনি। কিন্তু এখন কোলের শিশুকে একা রেখে কাজে বেরোনো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে সংসারে আয় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ঘরে খাবার জোগাড় করাটাও দিন দিন কঠিন হয়ে উঠছে।

আরও পড়ুন: টাকা রাখলেই দ্বিগুণ! দারুণ সুযোগ দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম

স্ত্রী ঝুমা দেবীকে বহুদিন আগেই ছেড়ে চলে গিয়েছেন তাঁর স্বামী। স্ত্রীকে ছেড়ে অন্যত্র বউ বাচ্চা নিয়ে সংসার করেন তিনি। জানা গিয়েছে স্ত্রী এবং একটি মেয়ে থাকা সত্ত্বেও সবটা গোপন করে ঝুমাকে বিয়ে করেছিলেন তাঁর স্বামী। তারপর তাঁদের দুই সন্তান হয়, কিন্তু ছেলে-মেয়ের দায়িত্ব নেন না বাবা। ফলে সন্তানদের পুরো দায়িত্বটাই এসে পড়েছে মায়ের কাঁধে। অভাবের সংসারে নিজের কষ্টের কথা ভুলে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছেন ঝুমা। সদ্যোজাত মেয়েটির জন্য দুধ কেনার সামর্থ্য না থাকায় পাশের বাড়ির ছাগলের দুধই এখন তাঁর ভরসা।