তুলকালাম বর্ধমান-আরামবাগ রোড, অন্নপূর্ণা যোজনা না মেলায় যা করলেন মহিলারা

Published:

bardhaman 1

আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ফের বিক্ষোভ। বর্ধমান আরামবাগ রোডে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার রোদের মধ্যেই রাস্তার উপর জড়ো হয়ে নিজেদের দাবির কথা জানান একাধিক মহিলা। তাঁদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত পাচ্ছেন না তাঁরা। বিক্ষোভকারীদের মধ্যে কারও অ্যাকাউন্টে গত দু’মাস টাকা এসেছে, কিন্তু চলতি মাসে টাকা ঢোকেনি। আবার কেউ এক মাস টাকা পেলেও পরের দু’মাস ধরে অপেক্ষা করছেন।

টাকা না ঢোকার কারণ স্পষ্টভাবে জানাচ্ছে না সরকার

এমন মহিলাও রয়েছেন, যাঁদের দাবি, প্রকল্প চালু হওয়ার পর এখনও পর্যন্ত একবারও তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁরা প্রত্যেকেই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলা। সংসারের খরচ সামলাতে সরকারি আর্থিক সহায়তার দিকে তাকিয়ে থাকেন তাঁরা। অথচ এক মাস টাকা পাওয়ার পর পরের মাসে কেন টাকা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আবেদন করার পরেও কেন টাকা আসছে না, তার কোনও স্পষ্ট উত্তর সরকার দিচ্ছে না।

ভোট দিয়েও মিলছে না ভাতা, দাবি সাধারণ মানুষের

বিক্ষোভে এক মহিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কি ভোট দিই না? সবই তো করছি, তাহলে সরকার কেন নিজের কথা রাখছেন না? কত বড়লোক বাড়ির মহিলারা পেয়ে যাচ্ছেন টাকা। এদিকে আমরা পাচ্ছি না। সরকার হয় সবাইকে টাকা দিক, নয়তো কাউকে দেওয়ার দরকার নেই। বন্ধ করে দিক। এই ভাবে গরিব মানুষদের ভাতা থেকে বঞ্চিত করা যাবে না।” শুধু একজন বা দু’জন নন, একই সমস্যায় ভুগছেন একাধিক মহিলা। এ দিন দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে নিজেদের দাবি জানাতে দেখা যায় তাঁদের। পরিস্থিতির জেরে বর্ধমান আরামবাগ রোডে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার উপর বিক্ষোভ চলায় গাড়ি, বাস-সহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। তৈরি হয় তীব্র যানজট। এটাই প্রথম নয়, আরামবাগ এলাকাতে গত অগস্টেও টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা বিক্ষোভ জানিয়েছিলেন।

আরও পড়ুন: ‘খাম’ নিয়ে তৃণমূলের সাথে দড়ি টানাটানি, প্রতীক ফেরাতে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার আওতায় বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর কথা জানানো হয়েছিল সরকারের তরফ থেকে। তবে এরপরেও যাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি, তাঁরা আর নিজেদের ধৈর্য ধরে রাখতে পারছেন না। এই পরিস্থিতিতে আরামবাগ রোডের বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের মূল দাবি, তাঁদের অ্যাকাউন্টে নিয়মিত অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে এবং যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে হবে। বিক্ষোভকারীদের বক্তব্য, একদিকে সংসারের দৈনন্দিন খরচ বেড়েছে, তাঁরা অনেকটাই ভাতার উপর নির্ভরশীল। সরকারি সহায়তার টাকা সময় মত না মেলায় তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। টাকা না পাওয়া মহিলাদের দাবি, তাঁদের সমস্যা দ্রুত সমাধান করা হোক এবং যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বকেয়া সহ প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হোক।