কৌশিক দত্ত, কলকাতাঃ বাংলায় ফের বাজল ভোটের বাদ্যি। এবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Bengal By Election) দিন ঘোষণা করল কমিশন। পুজোর আগেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে। ফলাফলও পুজোর আগেই ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একটি তাঁর নিজের কেন্দ্র নন্দীগ্রাম, একটি ভবানীপুর। মূলত তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিতেই ওই কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি।
এছাড়াও তৃণমূলত্যাগী বিধায়ক হুমায়ুন কবির নিজের দল জনতা উন্নয়ন পার্টি গঠন করে দুটি বিধানসভা কেন্দ্র থেকে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। একটি রেজিনগর, একটি নওদা। আর এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবির দুজনাই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়লাভ করে।
যেহেতু কোনও বিধায়ক শুধুমাত্র একটিই কেন্দ্র ধরে রাখতে পারবেন, তাই দুজনাকেই একটি একটি বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করতে হবে। হুমায়ুন কবির রেজিনগর ও শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে পদত্যাগ করেন। এবার এই দুই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করল কমিশন।
আরও পড়ুনঃ ২২,৪৫০ থেকে ৫৭ হাজার! অষ্টম পে কমিশনের পেনশন নিয়ে বড় খবর
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। ভোট গণনা হবে ৯ অক্টোবর। মনোনয়ন জমা ও প্রত্যাহারের শেষ তারিখ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করে তা নিয়ে জানানো হবে।










