সপ্তাহে দুটি করে বিদ্যালয় পরিদর্শন, রাজ্যের স্কুলগুলির জন্য নির্দেশিকা বিকাশ ভবনের

Published:

Bikash Bhawan

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের স্কুলগুলির জন্য এবার কড়া নির্দেশিকা বিকাশ ভবনের (Bikash Bhawan)। প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির পঠনপাঠন আর পরিকাঠামোর মান খতিয়ে দেখতে এবার জেলা আধিকারিকদের দেওয়া হল বিশেষ নির্দেশ। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের সমস্ত পরিদর্শক আধিকারিককে নির্দিষ্ট সময় অন্তর বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ নির্দেশিকা বিকাশ ভবনের

নির্দেশিকা অনুযায়ী, ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিইএস আধিকারিকদের প্রতি মাসে অন্তত একটি করে স্কুল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আধিকারিকদের দায়িত্ব এবং পরিদর্শনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিসের আধিকারিকদের ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টরদের প্রতি সপ্তাহে অন্তত দুইটি করে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সাথে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরদের প্রতি মাসে অন্তত দুটি করে বিদ্যালয় পরিদর্শন করতে হবে বলেই জানিয়েছে বিকাশ ভবন।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, ডেপুটি ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টরদের সফরসূচি আগে থেকেই স্কুল শিক্ষা কমিশনারের কাছে জমা দিতে হবে। অন্যদিকে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এবং সেকশন আধিকারিকদের পরিদর্শনের সময়সূচি সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং এসআই-দের কাছে জানাতে হবে। সবচেয়ে বড় ব্যাপার, স্কুল পরিদর্শনে যাবতীয় তথ্য এম-পরিদর্শন অ্যাপে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন আধিকারিক কোন বিদ্যালয় পরিদর্শন করছেন, তা সময়সূচি সহ অ্যাপের মাধ্যমে আপডেট করা জরুরি।

আরও পড়ুন: বাতিল ২৭ লাখ, ফের শুরু যাচাই-বাছাই! অক্টোবরে অন্নপূর্ণা যোজনার ৩০০০ কারা পাবেন?

এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, নিয়মিত স্কুল পরিদর্শনের দাবি তাঁরা বহুদিন ধরেই জানাচ্ছেন। তবে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় অন্তর আধিকারিকদের দ্বারা বিদ্যালয় পরিদর্শন হলে স্কুলের পরিকাঠামো, পঠনপাঠন বা অন্যান্য প্রশাসনিক সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। এমনকি গ্রামীন এলাকার বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন হবে।

google button