সৌভিক মুখার্জী, কলকাতা: “সকালে জমা নেব, বিকালে খরচ করব।” কথা মতোই হল কাজ। পুলিশের এনকাউন্টারে খতম বারুইপুর গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডল (Baruipur Encounter)। মঙ্গলবার গভীর রাতে অপরাধের পুনর্নির্মাণের সময় বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে আসা হচ্ছিল ওই অভিযুক্তকে। কিন্তু তখন পুলিশের থেকেই রিভলভার ছিনিয়ে নেওয়ায় পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের। তবে এ নিয়ে এবার সুর চড়ালেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। বললেন, “তথ্য লোপাট করার জন্য এনকাউন্টার করা হয়েছে প্রভাসকে!”
বারুইপুর এনকাউন্টার নিয়ে বড় বয়ান বিকাশরঞ্জন ভট্টাচার্যের
বারইপুরে প্রভাস মন্ডলের এনকাউন্টার নিয়ে সংবাদমাধ্যমের সামনে এদিন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এই এনকাউন্টারের মূল উদ্দেশ্য হল সত্যকে লোপাট করা। ইসলামিক কালচারটাকে কিছু কিছু হিন্দুত্ববাদীরা এখানে চালু করার চেষ্টা করছে। একজন অপরাধী কেন এই কাজ করেছে, তার সঙ্গেই আর কে কে যুক্ত রয়েছে, সমস্তটা সামনে আনার পরেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের উপর জুলুম খাটাচ্ছে, এবং হিন্দু-মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এই এনকাউন্টার সম্পূর্ণ পরিকল্পিত এবং তথ্য লোপাটের চেষ্টা।”
বিকাশরঞ্জনের আরও সংযোজন, “যদি সত্যি তথ্য সামনে আসত তাহলে এখান থেকে বোঝা যেত যে এর পেছনে একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা রয়েছে। তবে এই সমস্ত বার্তা যারা দেন তাদের চিন্তাভাবনা আসলে মধ্যযুগী। আপনারা নিজেই দেখতে পেলেন, বারুইপুরের ঘটনার পর দু’জন যুবককে উদ্ধার করা হল বিজেপির পার্টি অফিস থেকে। এগুলো সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। এটা ভারতের গণতন্ত্রের সঙ্গে কখনোই খাপ খায় না।”
আরও পড়ুন: কৌস্তভ বাগচির উদ্যোগে খুলছে আরেকটি জুট মিল, কাজ ফিরে পাবেন হাজার হাজার শ্রমিক
প্রসঙ্গত, সিসিটিভি ফুটেজে ওই নির্যাতিতা নাবালিকার সঙ্গে শেষবার প্রভাস মন্ডলকে দেখা গিয়েছিল, এবং তাঁর বয়ান অনুযায়ী পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। কিন্তু তদন্তের জন্য ওই ঘটনার পুনঃনির্মাণ করছিল পুলিশ। সেই মতো গতকাল রাত ২:২০ মিনিট নাগাদ যখন পুলিশ তাঁকে নিয়ে আসছিল ঠিক সেই সময়ই পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে সে নিয়ে পালাবার চেষ্টা করে। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। আত্মরক্ষার্থেই পাল্টা গুলি চালায় পুলিশ। এরপর গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে।










