রাস্তা সারাইয়ে অন্নপূর্ণা যোজনার টাকা দান, বড় আত্মত্যাগ হতদরিদ্র বিজেপি নেতার স্ত্রীয়ের

Published:

BJP Leader’s Wife Donates Annapurna Yojana Funds

অনন্যা সরকার, বাঁকুড়া: গ্রামবাসীদের দুর্ভোগ মেটাতে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নির্দ্বিধায় দান করে দিলেন বাঁকুড়ার এক বিজেপি নেতার (BJP Leader) স্ত্রী। ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী বিধানসভা কেন্দ্রের ধুলাই এলাকার কামারগড় গ্রামের। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা গ্রামের রাস্তাটির। চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। এ বিষয়ে জানতে পেরেই মাম্পি ঘোষ নরেন্দ্র মোদীর ‘সেবা সংকল্প অভিযান’-এ দুই মাসের অন্নপূর্ণা যোজনার টাকা দান করে দিলেন। সেই টাকা দিয়ে রাস্তার ৪০০ মিটার সারাইয়ের জন্য ৭টি ট্রাক্টর ভর্তি মোরাম আনা হয়। এই ঘটনাটিই এখন খবরের শিরোনামে উঠে এসেছে।

অভাব মধ্যেও গ্রামের জন্য দান করলেন অন্নপূর্ণার টাকা

সোনামুখী বিধানসভার ২ নং মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি দেবশঙ্কর ঘোষের অভাব অনটনের সংসার। সম্প্রতি এলাকার কিছু মানুষ রাস্তার সমস্যার কথা জানাতে তাঁর কাছে যান। সবকিছু শোনার পর তাঁর স্ত্রী মাম্পি এগিয়ে আসেন। আর্থিক অবস্থা একেবারেই ভালো নয় নয়, কিন্তু সদিচ্ছার থাকলে কোনো না কোনো উপায় ঠিকই বেরিয়ে যায়। দেবশঙ্কর ঘোষের স্ত্রী ঠিক করেন তাঁর অন্নপূর্ণা ভাণ্ডারের ২ মাসের জমানো টাকা তিনি গ্রামের রাস্তা মেরামতের জন্য খরচ করবেন।  

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানা গেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে দলীয় স্তরে ‘সেবা সংকল্প অভিযান’ নামে এক জনকল্যাণমূলক কর্মসূচি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এবার সরকারি প্রকল্প থেকে প্রাপ্ত অর্থ জনকল্যাণে ব্যবহারের উদ্যোগ নিলেন বিজেপি নেতার স্ত্রী। গ্রামের রাস্তার সমস্যার কথা মাথায় রেখে তাঁর  দেওয়া অর্থে এবার শুরু হল মোরাম বসানোর কাজ। 

আরও পড়ুন: একধাক্কায় ৬০০ টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম? দেখে নিন রেট

বিজেপির কর্মকর্তারা বলছেন, দলীয় কর্মীর পরিবারের এই উদ্যোগটি দেখিয়ে দেয় যে কীভাবে সরকারি সাহায্য অন্যের উপকারেও ব্যবহার করা যেতে পারে। অভাব সত্ত্বেও দেবশঙ্কর ঘোষের স্ত্রীর এই সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবি রাখে। শুধু সদিচ্ছা থাকলেই সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও ভালো কিছু করা যায়। তবে, এই দান প্রসঙ্গে স্থানীয় বিরোধী নেতাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।