প্রীতি পোদ্দার, কলকাতা: টাকি পুরসভার আর্থিক দুর্নীতি (Taki Municipality Financial Corruption Case) নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই এই দুর্নীতির জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কিন্তু এবার সেই মামলা নিয়ে বড় পদক্ষেপ নিল উচ্চ আদালত। জানা গিয়েছে টাকি পুরসভার দুর্নীতি (Taki Municipality Scam) মামলার তদন্তভার এখন সামলাবে সিআইডি। এতদিন রাজ্যপুলিশ এই ঘটনার তদন্ত করছিল কিন্তু এবার সেই দায়িত্ব দেওয়া হল রাজ্যের গোয়েন্দা সংস্থাকে।
২০ কোটি টাকার তছরূপ টাকি পুরসভায়
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী টাকি পুরসভার কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন প্রদ্যুৎ দাস। তিনি আদালতে জানিয়েছিলেন যে, অ্যাকাউন্ট জেনারেলের অডিট রিপোর্ট অনুযায়ী টাকি পুরসভায় প্রায় ২০ কোটি টাকার তছরূপ হয়েছে। শুধু তাই নয়, পুরসভার অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এবং সেই টাকা তুলে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে। আর্থিক দুর্নীতির পাশাপাশি বেআইনি ভাবে কর্মী নিয়োগের অভিযোগও উঠে আসে। অভিযোগকারী প্রাক্তন কাউন্সিলরেরর দাবি এই ঘটনার সঙ্গে জড়িত আছে পুরসভার চেয়ারম্যান-সহ বেশ কয়েক জন কর্মী। এরপরে আদালতে নির্দেশে রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছিল।
রিপোর্ট পেশ রাজ্য পুলিশের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চে পুনরায় টাকি পুরসভার আর্থিক তছরুপের শুনানি শুরু হয়েছিল। সেই সময় রাজ্যের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয়, রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘এটা একটা গুরুতর অপরাধ। জনগণের করের টাকা এ ভাবে নয়ছয় করা যায় না।’’ তারপরই শুনানি শেষে আদালত জানায়, এখন থেকে এই ঘটনার তদন্ত করবে সিআইডি।
আরও পড়ুন: ট্রাফিক চালান না মেটালে কাটা হবে বাড়ির বিদ্যুৎ সংযোগ! পরামর্শ সুপ্রিম কোর্টের
CID-র হাতে তুলে দেওয়া হয় দায়ভার
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়ে দেয় যে, রাজ্যপুলিশকে অবিলম্বে এই মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি CID-র হাতে তুলে দিতে হবে। তারপরেই যেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হয়। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর CID-কে টাকি পুরসভার আর্থিক দুর্নীতি মামলার তদন্ত সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতকে। আর সে দিনই মামলার পরবর্তী শুনানি হবে।










