সৌভিক মুখার্জী, কলকাতা: আরও স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার নতুন করে তিনটি মামলায় রক্ষাকবচ পেয়েছেন তৃণমূল সাংসদ। ফলে মোট ১৬টি মামলার মধ্যে আপাতত ৮টিতে স্বস্তি পেয়েছেন তিনি। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি দায়ের করা হয়েছিল, সেই মামলাগুলিতে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে বলেই জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
তিনটি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক
২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় বিভিন্ন অভিযোগে দায়ের করা হয়েছে এফআইআর। এমনকি বিদেশ যাওয়ার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছিল না তাঁকে। শেষমেষ শর্তসাপেক্ষে তিন সপ্তাহের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে অভিষেকের বিদেশ যাত্রার পারমিশন দেওয়া হয়। এদিকে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি মামলার মধ্যে ৫টিতে রাজ্যের সর্বোচ্চ আদালতের তরফ থেকে মিলেছিল রক্ষাকবচ। তবে শুক্রবারের এই তিনটি আইনি স্বস্তি ধরলে মোট আটটি মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন তিনি।
বলে রাখি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরের দুর্নীতি, জমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সহ একাধিক ধারায় বিষ্ণুপুর থানা এবং রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। তিনিই এই অভিযোগগুলি করেছিলেন বলে খবর। পুলিশের সেই এফআইআর-কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। আপাতত তার মধ্যে মোট আটটিতে স্বস্তি পেয়েছেন তিনি।
আরও পড়ুন: নতুন রুটে যাত্রী পরিষেবা, শুরু হল হলদিয়া থেকে কলকাতা বাস, জানুন সময়সূচি ও ভাড়া
এদিকে যে মামলাগুলিতে এখনও পর্যন্ত তিনি রক্ষাকবচ পাননি, সেগুলির শুনানি হবে আগামী ২৫ আগস্ট। পাশাপাশি আজ যে তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হয়েছে, সেগুলির শুনানি হবে আগামী ৭ সেপ্টেম্বর। এমনকি তৃণমূল সাংসদ অভিযোগ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে, যেগুলির কোনও বাস্তব ভিত্তি নেই। তবে এখনও আটটি মামলায় গ্রেফতারির আশঙ্কা থেকেই গেল।










