সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য একজন মহিলাও বাদ যাবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই কারণেই চলছে বাড়তি ভেরিফিকেশন। প্রত্যেকটি মহিলার তথ্য আলাদাভাবে ভেরিফাই করা হচ্ছে রাজ্যের ব্লক অফিস বা বিডিও অফিসের তরফ থেকে। তবে গতকাল বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করে অন্নপূর্ণা যোজনা সহ মোট ৬টি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
গতকাল বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি অন্নপূর্ণা যোজনা সহ রাজ্যের মোট ছয়টি প্রকল্প নিয়ে বড় কথা শুনিয়েছেন। তিনি জানান, “আমি জেলা প্রশাসনিক আধিকারিক এবং বিডিওদের সঙ্গে ইন্টারেকশন করেছি। আমি তাদেরকে বলেছি যে কাজ করতে হবে। টাকাও খরচ করতে হবে। আর ছ’টা প্রজেক্ট, ফ্লাগশিপ প্রজেক্ট প্রকৃত প্রাপকদের কাছে যেন যায়। এক অন্নপূর্ণা যোজনা, দুই আয়ুষ্মান ভারত এবং যারা আয়ুষ্মান ভারত পাবে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা।”
এছাড়া তিনি বলেন, “তৃতীয় যে প্রকল্পটি সেটি হল বিকশিত ভারত জিআরএমজি। এর আওতায় আমরা ১২৫ দিনের কাজ দেব। ৩৪ হাজার ৫০০ টাকা বছরে পাবে পরিবারগুলি। চতুর্থত প্রধানমন্ত্রী আবাস যোজনা। ২৫ লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে। আরও যদি থাকে তাহলে চিহ্নিত করে দিন। তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। রাজ্যের মাত্র সাড়ে ৪ হাজার বাড়িতে আমরা এই সূর্য ঘরের আলো লাগাতে পেরেছি। আমরা এটা ৫ লক্ষ করতে চাই। এছাড়া কল আছে জল নেই। জল জীবন মিশনের কাজকেও সম্পন্ন করতে হবে।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনায় আগামী ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে। এর মধ্যে প্রত্যেকটি যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছবে। তবে সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, আগামী ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণার তৃতীয় কিস্তি দেওয়া হবে। যদিও এই মাসে ভেরিফিকেশন করে টাকা ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, পরের মাস থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাংকে জমা পড়বে।










