সৌভিক মুখার্জী, কলকাতা: রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছিল একটি ফুটফুটে বাচ্চাকে। তবে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তৈরি হয় একাধিক দাবিদার। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার (Chinsurah) রবীন্দ্রনগরে (Rabindra Nagar)। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, বাচ্চাটিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে এক মহিলা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আর সেখানেই বাচ্চার মা এবং বাবা বাচ্চাটিকে নিজেদের বলে দাবি করেন। কিন্তু কেন ওই বাচ্চাটিকে ফেলে দেওয়া হল, সেই বিষয়ে কোনও উত্তর দিতে পারেননি তারা।
রাস্তার ধার থেকে উদ্ধার ফুটফুটে শিশু
হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় গতকাল রাতে এক মহিলা রাস্তার ধারে একটি বাচ্চাকে পড়ে থাকতে দেখে। তাঁর কথা অনুযায়ী, বাচ্চাটি আজই হয়েছে, এবং কান্নাকাটি করছিল। তবে অনেকক্ষণ ওইভাবে পড়ে থাকায় তাঁকে সুস্থ করানোর জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন তিনি। কিন্তু সেখানে এক ব্যক্তি নিজেকে ওই বাচ্চার বাবা বলে দাবি করেন। এমনকি তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, “বাচ্চাটি আমার। কিন্তু আমার স্ত্রী কেন ওকে ফেলে দিয়ে গিয়েছিল তা আমি জানি না। বাচ্চাটিকে আমি ফেরত পেতে চাই।”
অন্যদিকে স্থানীয় এক মহিলার কথায়, “আমরা খবর পাওয়ার পর বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে এলাম। কিন্তু এখানে এসে বাচ্চার মাকে পাওয়া গিয়েছে। বাচ্চার মা নিজেই স্বীকার করল। তবে কেন বাচ্চাটিকে ফেলে দিল তা আমরা জানি না। আবার অনেক সময় মা বলছে এটা আমার বাচ্চা না, বাবা বলছে এটা আমার বাচ্চা না। পাড়ায় গিয়ে স্বীকার করেছে যে এটা তাদের বাচ্চা। কিন্তু এখন আবার অস্বীকার করছে।”
আরও পড়ুন: দীর্ঘ ৫০ বছর পর ঘুচল সমস্যা, রুদ্রনীল ঘোষের উদ্যোগে ঢালাই রাস্তা পেল ভূতবাগান
এদিকে বাচ্চাটিকে যে মহিলা পেয়েছেন তিনি সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট জানান, “আমি বাচ্চাটি পেয়েছি। বাচ্চাটিকে আমিই নেব। আমাকে যেন বাচ্চাটা দেওয়া হয়। কিন্তু মা-বাবা যদি প্রমাণ করতে পারে তাহলে তারা নিয়ে যেতে পারে। সেখানে আমার কোনও আপত্তি নেই। বাচ্চাটাকে আমিই হাসপাতালে ভর্তি করেছি। এমনকি ওই বাচ্চাটা আজই হয়েছে।” যদিও ওই বাচ্চাটির আসল মা-বাবা কে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু এই ঘটনা লিখিত আকারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এখন দেখার, তারা কোনও ব্যবস্থা নেয় কিনা।










