রাজ্যের বন্ধ হওয়া ৯৩৩টি স্কুল নিয়ে বিরাট পদক্ষেপ সরকারের 

Published:

west-bengal-govt 1

আনিষা চৌধুরী, কলকাতা: পড়ুয়ার সংখ্যা কমতে কমতে তালা পড়েছে প্রায় হাজারের কাছাকাছি সরকারি স্কুলে (Government School)। প্রাথমিক, উচ্চ প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক স্তরের স্কুলও রয়েছে সেই তালিকায়। বর্তমানে পড়ুয়ার অভাবে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়া এমন ৯৩৩টি স্কুলের জমি, বাড়ি ও অন্যান্য পরিকাঠামো কীভাবে কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)।

৩০ দিনের মধ্যে রিপোর্ট

বন্ধ স্কুলগুলির বর্তমানে ঠিকই অবস্থায় রয়েছে জানতে প্রতিটি জেলায় কমিটি তৈরি করা হয়েছে। জেলাশাসকদের নেতৃত্বে গঠিত এই কমিটিগুলিকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। তাদের আগামী ৩০ দিনের মধ্যে সমস্তটা পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দিতে হবে। স্কুলের ভবন, জমি, মাঠ-সহ সংশ্লিষ্ট সম্পত্তির পরিমাণ এবং বর্তমান অবস্থা খতিয়ে দেখবে কমিটি। পাশাপাশি, কোনও স্কুল পুনরায় চালু করা সম্ভব কিনা, সেই বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে।

স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, “স্কুল বিল্ডিং, জমি, মাঠের পরিমাণ কোথায় কত, তা খতিয়ে দেখতেই একটি কমিটি তৈরি করা হয়েছে।” তাঁর বক্তব্য অনুযায়ী, এই সম্পত্তিগুলি বর্তমানে বিদ্যালয় শিক্ষা দফতরের আওতায় রয়েছে। প্রাথমিক ভাবে সেগুলি সরকারের হাতে তুলে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। রাজ্যের প্রকাশিত নির্দেশিকায় ইঙ্গিত রয়েছে, ভবিষ্যতে এই অব্যবহৃত পরিকাঠামো প্রশিক্ষণ কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, ARD কেন্দ্র, কমিউনিটি সেন্টার, জনপরিষেবা কেন্দ্র-সহ বিভিন্ন সরকারি বা জনস্বার্থমূলক কাজে ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: ফের চালু হল সম্পতি করে বয়স্কদের ছাড়, নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

PPP মডেল নিয়ে কী বললেন মন্ত্রী?

বন্ধ স্কুলের সম্পত্তি পিপিপি (PPP) মডেলে ব্যবহার করা হতে পারে বলে আলোচনা শুরু হয়েছিল। তবে সেই সম্ভাবনা খারিজ করে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন স্পষ্ট জানিয়েছেন, “পিপিপি মডেলে একটিও স্কুল চলবে এমন কিছু হয়নি।” তাঁর কথায়, এই ধরনের স্কুল পিপিপি মডেলে চালানোর কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।