জ্বালানি নিয়ে চিন্তা শেষ, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Published:

Suvendu Adhikari

সহেলি মিত্র, কলকাতাঃ জ্বালানি নিয়ে সঙ্কটের মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি ঘোষণা করলেন, এবার থেকে কন্টেনারে করে জ্বালানি নেওয়া যাবে (Nabanna On Fuel)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রবিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রীর সামাজিক পোস্ট দেখে চমকে গিয়েছেন সকলে। তিনি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে ছাড়ের ঘোষণা করেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

এবার কন্টেনারে করে নেওয়া যাবে জ্বালানি

রবিবার কিছুক্ষণ আগেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি কোনো বাধা ছাড়াই যেনো সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। সাম্প্রতিক কন্টেইনারে (পাত্রে) ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে আমাদের পরিশ্রমী কৃষক ভাইরা, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। জনসাধারণের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে।’

আরও পড়ুনঃ এবার পার্ক সার্কাস স্টেশনে চলল রেলের বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বহু অবৈধ দোকান

তিনি আরও লেখেন, ‘আমরা প্রধান তেল কোম্পানিগুলোকে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছি।’ এই সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা ও গ্রাহকরা এখন থেকে কন্টেইনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন এবং প্রতিদিন এই সকল গ্রাহকদের জ্বালানি প্রদানের ক্ষেত্রে যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে।’

দেখাতে হবে পরিচয়পত্র

তবে কন্টেনারে করে জ্বালানি পাওয়া কিন্তু অতটাও সহজ হবে না। কন্টেনারে জ্বালানি পেত দেখাতে হবে পরিচয়পত্র। মুখ্যমন্ত্রী জানান, ‘নির্ঝঞ্ঝাট ভাবে ডিজেল পাওয়ার জন্য পাম্পগুলোতে শুধুমাত্র প্রাথমিক পরিচয়ের নথিপত্র দেখালেই চলবে।’