সুপ্রিম কোর্টের নির্দেশেই হল কাজ? অবশেষে এদের বকেয়া ডিএ মেটানো শুরু করল নবান্ন

Published:

Nabanna Dearness allowance

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সুখবর। বকেয়া মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) প্রদানের প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে বেজায় খুশি সাধারণ কর্মীরা। সরকারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে একের পর এক কর্মচারী সংগঠন। সরকারের তরফে আপাতত ওয়ার্কচার্জ কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। অনেকের দাবি, সুপ্রিম কোর্টের বার্তার পর বর্তমান বিজেপি সরকারেরও টনক নড়েছে।

বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল সরকার

ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) নিজের ফেসবুক পোস্টে জানান, ‘ওয়ার্কচার্জ কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন পোষিতদের বকেয়া মিটিয়ে দেবেন।’ ভাস্কর ঘোষ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সুপ্রিম কোর্টের রায়দানের পর যোগাযোগ করেছিলেন। বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই বিষয়ে সরকারি কর্মী ভাস্কর ঘোষ লেখেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী সাথে আমরা যোগাযোগ করেছিলাম। গ্রান্ড ইন এইড কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে সরকারের বক্তব্য এবং আদালতে পেশ করা বক্তব্যের মধ্যে যে পার্থক্য হচ্ছে সেই নিয়ে আমাদের উদ্বেগের কথা তাঁকে জানাই। সমস্ত কিছু শুনে তিনি বললেন ভরসা রাখুন আপনাদের বকেয়া মেটানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি।’

তিনি আরও জানান, ‘সুপ্রিম কোর্টে ঘোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়টা সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিকে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিগত ৫ মে ২০২৬ তারিখে হলফনামা আকারে আমাদের বক্তব্য জমা করেছিলাম। এখানে মূখ্যত সরকার পোষিত ক্ষেত্রের (শিক্ষক ও শিক্ষা কর্মীসহ পঞ্চায়েত ও পৌরসভার কর্মী ও বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মচারী) কর্মচারীদের বিষয়,ওয়ার্কচার্জ কর্মচারীদের বকেয়া নিয়ে জটিলতর সমাধান চেয়েছি। সমাধান চেয়েছি ভুল হিসেবে বকেয়া মেটানোর পরিবর্তে সঠিক হিসেব করে প্রত্যেক কর্মচারীকে জানানো হোক তার বকেয়ার পরিমাণ কত। গতকাল সুপ্রিম কোর্ট এ বিষয়ে কমিটিকে নির্দেশ দিয়েছেন আমাদের হলফনামার বিষয়ে সিদ্ধান্ত নিতে। আমরা আশাকরি সরকার পোষিত ক্ষেত্রে কর্মচারীদের বকেয়া প্রদানের ক্ষেত্রে সমস্ত জটিলতা আমরা কাটাতে পারব।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার জন্য কোথায় আবেদন, কী কী নথি লাগবে? দেখে নিন

কী প্রতিক্রিয়া মানুষের?

এই বিষয়ে অনেকে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক মাধ্যমে। একজন লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মৌখিক বার্তা না দিয়ে এই বিষয়ে একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করলেই তো উদ্বেগের পরিসমাপ্তি ঘটে।’ অন্য আরেকজন লিখেছেন, সরকারে উপর যে আস্থা তার থেকে বেশি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আপনার ও সংগ্রামী যৌথ মঞ্চের নিরলস প্রচেষ্টা। আপনারা সবাই উপস্থিত থেকে যে ভাবে সৎ নিষ্ঠা সহকারে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সেই টাই আমদের ভরসা। “আমরা করবো জয় “। আরও একজন লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর ওপর ১০০% ভরসা আছে, পেলে কোর্ট নয়, এই সরকারই দেবে। আর যাবতীয় কৃতিত্ব সংগ্রামী যৌথ মঞ্চের অমানুষিক লড়াই এর ফল।’