মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার জন্য কোথায় আবেদন, কী কী নথি লাগবে? দেখে নিন

Published:

Mukhyamantri Swasthya Bima

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 16 আগস্ট, রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত পরিষেবা (5 Lakh Free Treatment)। সেই সাথে চালু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন, যেসব আবেদনকারী আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁরা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। কিন্তু কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে? কোথায়ই বা করতে হবে আবেদন?

5 লাখ টাকা পর্যন্ত মিলবে ফ্রি চিকিৎসা

আয়ুষ্মান ভারত প্রকল্পের মতোই, রাজ্যের (Government Of West Bengal) প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অধীনে বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন উপভোক্তারা। শুধু রাজ্যে নয় বরং রাজ্যের বাইরে বলা ভাল দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দেখার তালিকাভুক্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে এই প্রকল্পের অধীনে চিকিৎসা করানো যাবে। এক কথায়, যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না, তাঁদের সহায় হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা।

কারা আবেদন করতে পারবেন?

রাজ্য সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, রাজ্যের যে সমস্ত নাগরিকদের পরিবারের বার্ষিক আয় 8 লাখ টাকার বেশি তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন না। তবে যাঁদের পারিবারিক আয় বছরে 8 লাখ টাকার কম, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার জন্য আবেদন করতেই পারেন। এছাড়াও শোনা যাচ্ছে, যাঁরা আয়করদাতা এমনকি সরকারি চাকরি করেন, নির্দিষ্ট হেলথ ইন্সুরেন্স রয়েছে তাঁরা এই প্রকল্পের বাইরে।

আরও পড়ুন: এদের দিতে হবে না প্রফেশনাল ট্যাক্স, পেশা কর সংশোধনী প্রস্তাব রাজ্য সরকারের

কোথায় আবেদন করবেন?

প্রথমে বলে রাখি, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য আবেদন করতে হলে স্বাস্থ্য সাথীর অফিসিয়াল পোর্টাল থেকেই আবেদন করা যাবে। সেক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড যাদের আছে তাঁরা swasthyasathi.gov.in ওয়েবসাইটটিতে গিয়ে যোগ্যতা যাচাই করে নিতে পারবেন। এছাড়া নতুন আবেদনকারীরা এই অফিসিয়াল পোর্টাল থেকে অথবা জনকল্যাণ শিবির বা স্থানীয় BDO অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। বলে রাখি, যাঁদের নাম স্বাস্থ্য সাথী প্রকল্পে নেই তাঁরা পোর্টাল থেকে স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে অথবা স্থানীয় পৌরসভা, BDO অফিস কিংবা শিবির থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে পারেন।

কোন কোন নথিপত্র লাগবে?

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অধীনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে হলে আবেদন করার ক্ষেত্রে লাগবে পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড, খাদ্য সাথী বা ডিজিটাল রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট। এছাড়াও সেল্ফ ডিক্লারেশন সার্টিফিকেটও প্রয়োজন পড়তে পারে। সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের 80 লাখ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।