প্রীতি পোদ্দার, কলকাতা: বিগ ব্রেকিং..পুজোর আগেই ফের শহরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র অভিযান (ED Raids)। বুধবার সাতসকাল থেকেই শহরের একাধিক জায়গায় চলছে ইডি তল্লাশি। জানা গিয়েছে কলকাতা (Kolkata) এবং ইন্দোরের অন্তত ১৭টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলছে। মূলত চিটফান্ড প্রতারণা সংক্রান্ত মামলার (Chit Fund Case) তদন্তেই এই তল্লাশি চলছে বলে খবর। এলাকায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
আব্দুর জব্বর মোল্লার বাড়িতে হানা ED-র
সূত্রের খবর, চিটফান্ডের নামে বিপুল অর্থ জালিয়াতি এবং সেই সংগৃহীত টাকা কনস্ট্রাকশন ব্যবসার মাধ্যমে বেআইনিভাবে সাদা করার গুরুতর অভিযোগে আজ, বুধবার সকাল থেকেই কলকাতার মোট ছ’টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তালিকায় রয়েছে, নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। জানা গিয়েছে, এ দিন সকালে ইডির একটি প্রতিনিধি দল সরাসরি হানা দেয় নারকেলডাঙার বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুর জব্বর মোল্লার বাড়িতে। অভিযোগ ওই ব্যক্তির মধ্যস্থতায় নাকি চিটফান্ডের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বাজার থেকে তোলা হত। এবং সেই অর্থ বিভিন্ন ব্যবসা এবং রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন ক্ষেত্রে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হত।
কলকাতা এবং ইন্দোরের ১৭টি জায়গায় চলছে তল্লাশি
এদিন শুধু নারকেলডাঙ্গা নয়, পাশাপাশি নেতাজিনগর এলাকায় অভিযুক্ত ব্যবসায়ী আব্দুর জব্বর মোল্লার এক অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তির বাসভবনেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি রবীন্দ্র সরোবর এলাকার একাধিক ঠিকানাতেও পৌঁছায় কেন্দ্রীয় এজেন্সির দল। চিটফান্ড জালিয়াতি সংক্রান্ত মামলায় আর কাদের সংযোগ রয়েছে এবং এই বেআইনি অর্থ আদান-প্রদানের শিকড় কত দূর ছড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখতেই অভিযানে নেমেছে ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এপিএম নামে একটি চিটফান্ড সংস্থার টাকা নয়ছয়ের মামলায় নজরে রয়েছে নির্মাণ ব্যবসায়ীরা। এবং বিনিয়োগকারীদের ঠিকানায় তল্লাশি শুরু হয়েছে। সব মিলিয়ে এই মামলায় কলকাতা এবং ইন্দোরের ১৭টি জায়গায় চলছে তল্লাশি।
আরও পড়ুন: পরীক্ষার ৬ দিন আগে ফের রুটিন বদল, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে নয়া সূচি প্রকাশ WBCHSE-র
প্রসঙ্গত, মঙ্গলবারই জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ অভিযোগ, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জমি দখল করে আবাসন তৈরি করেছে তাঁর সংস্থা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও, তাঁর সহযোগিতা না থাকায় ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর৷ এখন দেখার এই চিটফান্ড মামলার জল কোন দিকে এগোয়।










