পরীক্ষার ৬ দিন আগে ফের রুটিন বদল, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে নয়া সূচি প্রকাশ WBCHSE-র

Published:

HS Exam 2027

প্রীতি পোদ্দার, কলকাতা: মহা মুশকিলে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা, পরীক্ষা শুরুর মাত্র ছ’দিন আগে ফের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের (HS Exam 2027) পরীক্ষার রুটিন পরিবর্তন করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সম্প্রতি পরীক্ষার ১১ দিন আগে প্রথমে উপনির্বাচনের কারণে বদলেছিল পরীক্ষার রুটিন (WBCHSE 2027 Exam Routine)। কিন্তু এ বার করম পুজোর জন্য ফের একবার বদল করা হল রুটিন। জানা গিয়েছে আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষাটি পিছিয়ে আগামী ১৩ অক্টোবর করা হয়েছে।

উপনির্বাচনের জন্য পিছিয়ে ছিল পরীক্ষার সময়সূচি

উচ্চমাধ্যমিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫,৬ ও ৭ অক্টোবর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আগামী ৬ অক্টোবর, নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন, তাই সম্প্রতি বাধ্য হয়ে সেই পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই সূচি অনুযায়ী বলা হয়েছিল, ৫ অক্টোবরের পরীক্ষা হবে ১২ অক্টোবর, ৬ অক্টোবরের পরীক্ষা হবে ১৩ অক্টোবর, ৭ অক্টোবরের পরীক্ষা হবে ১৪ অক্টোবর। বেলা ১১ টা সাড়ে ১২ টা পর্যন্ত হবে সেই পরীক্ষা। কিন্তু এবার পরীক্ষা শুরুর ৬ দিন আগে ফের পরীক্ষা সূচি পরিবর্তন করল সংসদ। নেপথ্যে কারণ হল করম পুজো।

ফের রুটিন পরিবর্তন করলে শিক্ষা সংসদের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল মঙ্গলবার, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত পরীক্ষাসূচি ঘোষণা করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে। এর বদলে ওই পরীক্ষাটি হবে আগামী ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত হবে। ওইদিন হেলথ কেয়ার, অটোমোবাইল, রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস, ফুড প্রসেসিং ও টেলিকম-সহ সমস্ত ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

HS Exam 2027

আরও পড়ুন: স্ত্রীয়ের জন্য বাবার সাথে সম্পর্ক শেষ করেছেন টিম ইন্ডিয়ার সুপারস্টার! নাম দেখে নিন

অ্যাডমিট কার্ড নিয়ে সংশয়

সংসদের সভাপতি মসিয়ুর রহমান সরদার এক বিজ্ঞপ্তিতে জানান, সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষার্থীদের সুবিধার্থেই সম্পূর্ণ নতুন এই রুটিন কার্যকর করা হচ্ছে। প্রয়োজনে পরিস্থিতির খাতিরে এই সূচিতে পুনরায় পরিবর্তন আনা হতে পারে। যা যথাসময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। এদিকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে উঠছে প্রশ্ন। সংসদ সূত্রে জানা গিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী ফের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তবে কেউ যদি নতুন অ্যাডমিট না পায় তাহলে পুরনো অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষাকেন্দ্রে যেতে পারবে।