পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র নিশানায় মদন মিত্র, তল্লাশি একাধিক ঠিকানায়

Published:

Madan Mitra

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার রক্ষা পেল না কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)! আজ, শনিবার সাতসকালে কামারহাটির তৃণমূল বিধায়কের একাধিক বাড়িতে ED হানা (ED Raids) দিয়েছে। তাঁর ভবানীপুরের বাড়ি, কামারহাটির ফ্ল্যাট, জোকার ঠিকানায় একযোগে তল্লাশি চালাচ্ছেন ED-র আধিকারিকরা। এ ছাড়াও, সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়ি-সহ মোট আট জায়গায় চলছে তল্লাশি। রয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই তল্লাশি অভিযান চলছে।

মদনের বাড়িতে ED

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্ত করতে আজ সকাল থেকে পুনরায় সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। শুধু কলকাতা নয়, শহরতলির মোট সাতটি জায়গায় তারা হানা দিয়েছে। একটি দল রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে। এছাড়াও মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে। জানা গিয়েছে, মদনের বাড়ি ছাড়াও ইডি-র একটি দল বেহালার দিকে এসেছে। দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা, বেলেঘাটাতেও নজর রাখছে ইডি। তবে এখনও মদন মিত্রর কোনো আপডেট পাওয়া যায়নি।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় ED

২০২৩ সালের ২০ মার্চ অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ছিল তাঁর সংস্থার বিরুদ্ধে রাজ্যের ৭টি পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। বেআইনিভাবে গ্রুপ ডি, টাইপিস্ট-সহ একাধিক পদে নিয়োগ করা হত। আর এই ৭টি পুরসভার মধ্যে রয়েছে কামারহাটি পুরসভাও। যেহেতু কামারহাটি পুরসভার বিধায়ক মদন মিত্র, তাই এই ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ করছে ইডি। কিছুদিন আগেই এই নিয়ে কামারহাটি পুরসভার এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল।

আরও পড়ুন: তালা ভেঙে অভিষেকের বাড়িতে তল্লাশি রাজ্য ও কেন্দ্রীয় পুলিশের, ঘটনাস্থলে মমতাও

প্রসঙ্গত, গতকাল, শুক্রবার রাতেই কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন, ‘‘কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে যে নোংরা ব্যবহার করে সমস্ত পরিষেবা আটকে দেওয়া হয়েছে, তাতে তাঁর পদত্যাগ করা ছাড়া কোনও পথ ছিল না। সকল কাউন্সিলর এবং তৃণমূল সমর্থকদের  বিরুদ্ধে তীব্র প্রতিবাদে শামিল হতে হবে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সাতসকালে ED হানা দিল তাঁর বাড়িতে। এখন দেখার এই ঘটনার তদন্ত কতদূর এগোয়।