প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি দুই দফায় মিটেছে রাজ্যের বিধানসভা নির্বাচন, যদিও এখন ফলাফল ঘোষণা হয়নি। আগামী ৪ মে, সোমবার ফলাফল ঘোষণা করা হবে। এদিকে ভোট মিটতেই ফের ED (Enforcement Directorate) তলব করল তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা রথীন ঘোষ এবং সুজিত বসু। জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Case) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী বুধবার হাজিরার নির্দেশ।
ফের সুজিত বসুকে ED তলব
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা দিয়েছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। সেখানে প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে নির্বাচন চলাকালীনই নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে একাধিকবার তলব করেছিল ইডি। সেই সময় প্রচারের ব্যস্ততা দেখিয়ে হাজিরা এড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই সময় আদালত জানিয়েছিল, ভোটের প্রচারের স্বার্থে আপাতত তাঁকে ছাড় দেওয়া হলেও ১ মে তাঁকে ইডি দফতরে হাজিরা দিতেই হবে। সেই কারণে গতকাল হাজিরা দেন তিনি। কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তাই ফের ৬ তারিখ তলব করা হয়েছে।
নজরে রথীন ঘোষ
পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুধু সুজিত বসু নয় এর সঙ্গে আরেক তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও আগামী ৬ মে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। তাঁকে ইতিমধ্যে নোটিসও পাঠানো হয়েছে বলে খবর। সঙ্গে বেশ কিছু নথিও আনতে বলা হয়েছে। লেনদেনের ক্ষেত্রে কোনও প্রভাব খাটানো হয়েছিল কি না, মূলত তা জানতেই এই জেরা। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে সুজিত বসুর দফতর এবং বাড়িতেও হয়েছিল ইডি-অভিযান।
আরও পড়ুন: ভোট গণনায় কমিশনই শেষ কথা জানাল শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টে ঝটকা তৃণমূলে
প্রসঙ্গত বারংবার হেভিওয়েট নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানোর পিছনে বিজেপির কারসাজি বা ‘রাজনৈতিক প্রতিহিংসা’ দেখছে তৃণমূল। যদিও তলব যখন করা হয়েছে তখন রথীন ঘোষ এবং সুজিত বসুকে হাজিরা দিতেই হবে। এখন দেখার এই পুরনিয়োগ দুর্নীতি মামলা কোন দিকে মোড় নেয়। অন্যদিকে চলতি সপ্তাহেই তিন বার (শুক্রবার-সহ) তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে জমি দখলের মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।










