অনন্যা সরকার, কলকাতা: রাজ্য পুলিশের ডিএসপি (DSP) পরিচয় দিয়ে করছেন তোলাবাজি! এমনই অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি এক যুবককে ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রাহুল রায় নামের ওই ভুয়ো ডিএসপি-কে (Fake Police Officer) দক্ষিণ কলকাতার কালীঘাট (Kalighat) থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
ভুয়ো পরিচয় ব্যবহার করে টাকা আদায়ের অভিযোগ
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগকারী ও অভিযুক্ত – দুজনেই কালীঘাট এলাকার বাসিন্দা ও তাঁরা একে অপরের পরিচিতও ছিলেন। জানা গেছে, রাহুল নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি (DSP) হিসেবে পরিচয় দিতেন। এমনকি একটি নকল সরকারি পরিচয়পত্রও তৈরি করেছিলেন, যা তিনি অনেককেই দেখিয়েছেন। অভিযোগকারী জানিয়েছেন, তিনি সম্প্রতি কিছু ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যার কথা তিনি রাহুলকে বিশ্বাস করে তাঁর সাথে আলোচনা করেন। কিন্তু রাহুল সেই গোপন তথ্য ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করেন।
অভিযোগকারীর দাবি, রাহুল ও তাঁর সহযোগীরা তাঁর ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তাঁর কাছে ৫ লক্ষ টাকা দাবিও করা হয়। ভয়ে ওই যুবক ২৭ সেপ্টেম্বর ১০ হাজার টাকা এবং ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার টাকা রাহুলকে দেন। এই টাকা দেওয়ার পরেও বাকি অর্থ শোধ করার জন্য তাঁর ওপর ক্রমাগত চাপ দিতে থাকেন অভিযুক্ত।
আরও পড়ুন: ৫০-৬০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ! ED-র দফতরে হাজিরা ইন্দ্রনীল সেনের
অভিযোগকারীর মনে তখন তাঁর ডিএসপি পরিচয় নিয়ে সন্দেহ জাগে। তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে, রাহুল আসলে কোনও পুলিশ কর্মকর্তাই নন, ভুয়ো পরিচয়পত্র নিয়ে ঘুরছেন। এরপর তিনি কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে যে, মঙ্গলবার ভোররাতে একটি অভিযান চালিয়ে রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে।










