সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের নতুন সরকার প্রশাসন থেকে শুরু করে কর্মচারী মহলে এনেছে একাধিক বদল। তবে যোগ্যতার শর্ত শেষ হওয়ার কারণে যে সমস্ত কর্মচারীদের পুত্র বা কন্যা সন্তান ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের (West Bengal Health Scheme) বাইরে চলে গিয়েছেন, তাঁরা এবার নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলেই সরকারি রেটে স্কিমের আওতায় থাকা হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। এমনকি মিলবে বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসার সুবিধা। তবে সেক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে?
হেলথ স্কিম থেকে নাম বাদ গেলেও মিলবে চিকিৎসা সুবিধা
রাজ্যের সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় ক্যাশলেস চিকিৎসার সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তবে সেই সুবিধা পেতে গেলে কিছু শর্ত এবং বয়সসীমা পূরণ করতে হয়। প্রথমত, ছেলেদের ক্ষেত্রে ২৫ বছর পূর্ণ হওয়া বা নিজে উপার্জন শুরু হওয়া পর্যন্ত এই সুবিধা মিলত। তারপর তালিকা থেকে অটোমেটিক নাম বাদ যেত। আর মেয়েদের ক্ষেত্রে অবিবাহিত থাকা পর্যন্ত এই সুবিধা মিলত। সেক্ষেত্রে কোনও বয়সের কোটা ছিল না। কিন্তু উপার্জন শুরু করলে বা বিবাহ হয়ে গেলে তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া বাধ্যতামূলক ছিল।
অন্যদিকে আবার বিবাহবিচ্ছিন্ন বা বিধবা মেয়েরা শর্তসাপেক্ষে আবারও এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেত। এছাড়া শারীরিক বা মানসিকভাবে স্থায়ী প্রতিবন্ধী হলে সেই সন্তানরা অন্য কোনও যোগ্যতা ছাড়াই এই প্রকল্পের আওতায় আজীবন সুবিধা পেত। তবে যাঁদের দীর্ঘমেয়াদি বা জটিল কোনও রোগের চিকিৎসা চলছিল, তাঁদের নাম কাটা গেলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের প্যানেলভুক্ত হাসপাতালে সমস্ত চিকিৎসা পাওয়া বন্ধ হয়ে যেত। যে কারণে মোটা অঙ্কের টাকা খরচ করে চিকিৎসা করাতে হত।
আরও পড়ুন: ৩.৫০ কোটি নিয়েও খুশি হননি অভিষেক, নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক অভিযোগ সন্তুর
এবার সেই দিক মাথায় রেখেই অর্থ দফতরের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। এবার স্কিমের সুবিধাভোগী কর্মচারী বা পেনশনভোগীর পুত্র-কন্যারা, যাঁরা আর্থিক সুবিধা পান না, তাঁরা সরকারি রেটে স্কিমের আওতায় থাকা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। আগামী ১ অক্টোবর থেকেই এই নিয়ম চালু হচ্ছে বলে জানিয়েছে অর্থ দফতর।










