সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কাজে স্মার্টফোন ছাড়া চলা অসম্ভব। এই দাবিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই অঙ্গনওয়াড়ি (Anganwadi) কর্মীদের জন্য স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয়। এমনকি প্রতিমাসে রিচার্জদের জন্যও অর্থ সাহায্য করে রাজ্য সরকার। কয়েকদিন আগেই রাজ্যের জেলাগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, মোট ১ লক্ষ ৪ হাজার ৭৭ জন অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি অর্থের মাধ্যমেই স্মার্টফোন কিনেছেন। তবে এবার সিম কার্ড কেনার টাকাও দেবে রাজ্য সরকার। হল বড়সড় ঘোষণা।
অঙ্গনওয়াড়ি কর্মীদের সিম কার্ড কেনার বরাদ্দ রাজ্য সরকারের
পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন কেনার পাশাপাশি সিম কার্ড কেনার টাকাও দেবে রাজ্য সরকার। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে। রাজ্য সরকারের দেওয়া সেই সিম কার্ড অর্থাৎ সেই নম্বর কর্মীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র সরকারি কাজেই তা ব্যবহার করা যাবে এবং সংশ্লিষ্ট আইসিডিএস-র যোগাযোগের মাধ্যম হবে সেই নম্বর। এমনকি মোবাইল নম্বর প্রত্যেকটি সেন্টারের গায়ে বড় বড় করে লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এতদিন পর্যন্ত শুধুমাত্র সরকারি সুবিধার মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীরা স্মার্টফোন কেনার সুযোগ পেতেন। তবে সেই ফোনে নিজেদের টাকাতেই সিম কার্ড কিনে ব্যবহার করতে হত। যদিও রাজ্য সরকারের তরফ থেকে রিচার্জের খরচ বহন করা হত। সেই নম্বর তারা ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারত। তবে রাজ্যের প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মীর মোবাইলে ইন্সটল করা হয়েছে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট নামক একটি সফটওয়্যার। সেই অ্যাপে কাজ করার জন্য তারা পৃথক মোবাইল নম্বরের দাবি জানিয়েছিলেন। সেই কারণেই এই ঘোষণা রাজ্য সরকারের।
আরও পড়ুন: দু’দিনেই বাজিমাত! বক্স অফিসে ঝড় তুলল জিতের ‘KBBKBD’, কত হল আয়?
তবে সেক্ষেত্রে উল্লেখ্য, আগে থেকে এই টাকা পাওয়া যাবে না। সিম কার্ড কিনে তার বিল সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। এরপর মিলবে টাকা। তবে সিমের দাম ৩৯৯ টাকার বেশি হওয়া চলবে না। এমনকি সেই সিম কার্ড ব্যবহার করে শুধুমাত্র অঙ্গনওয়াড়ির যে সমস্ত কাজ তারা করেন, সেগুলোই করতে পারবেন। এই নম্বর দিয়ে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্ট খুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরকারি কাজ ছাড়া অন্য কোনও কারণে এই নম্বর ওটিপির জন্য ব্যবহার করা যাবে না।










