বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার (Government Of West Bengal)। গতকালই ঈদের ছুটি কমানোর নির্দেশ দেয় নবান্ন। এবার ঈদের নামাজ পড়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, এবার থেকে রেড রোডের বদলে নামাজ পড়তে হবে ব্রিগেডে। কয়েকদিন ধরেই, এমন জল্পনা চলছিল নানা মহলে। এবার সেই জল্পনাতেই সিলমোহর বসাল নবান্ন।
রেড রোডে আর নামাজ পড়া যাবে না
পূর্বের সরকারের আমলে এমন অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা পরবর্তীতে জন্ম দিয়েছিল বিতর্কের। সেগুলির মধ্যে অন্যতম একটি হল নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠানকে বিশেষ প্রাধান্য দেওয়া। বিগত বছরগুলিতে ঈদের সকালে রেড রোডে নামাজের মঞ্চে মাথায় কাপড় বেঁধে হাজির হয়ে যেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানটিতে তৃণমূল নেত্রীর সাথে দেখা যাচ্ছিল তাঁর উত্তরসূরী অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
তবে রাজ্যে পালাবদল হতেই অনেকেই ভেবে নিয়েছিলেন এমন ভরাডুবির পর আর হয়তো রেড রোডে নামাজের মঞ্চে দেখা যাবে না তৃণমূল সুপ্রিমোকে। কেননা, গোটা বিষয়টিকেই নাকি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতেন মমতা! কেউ কেউ আবার ধরেই নিয়েছিলেন, নতুন সরকার রেড রোডে নামাজের প্রার্থনার বিষয়টি তুলে দেবে। অবশেষে সেই জল্পনাতেই পড়ে গেল সিলমোহর। নবান্নের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, এ বছর থেকে আর নামাজের মঞ্চ তৈরি হবে না রেড রোডে। বরং নামাজের অনুষ্ঠান হবে ব্রিগেড প্রাঙ্গণে।
বলাই বাহুল্য, কলকাতার রেড রোডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর হাতে। সামরিক কুচকাওয়াজ বা অনুষ্ঠান ছাড়া অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠান বা পথ সভার জন্য প্রয়োজন হয় ফোর্ট উইলিয়ামের অনুমোদন। কয়েকটি সূত্র মারফত খবর, গত বছরই সেনাবাহিনীর তরফে নামাজের প্রধান আয়োজক খিলাফত কমিটিকে খুব পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, নিরাপত্তার স্বার্থে রেড রোডে আর নামাজের আয়োজন করা যাবে না। তবে শোনা যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতার বিশেষ অনুরোধে সাময়িক ছাড়পত্র দিয়েছিল সেনাবাহিনী। তবে এবার সরকার বদল হতেই রাজ্যের সহযোগিতা পাচ্ছে সেনারা।
অবশ্যই পড়ুন: মাত্র ১০.০৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, দেশের নাম উজ্জ্বল করলেন অ্যাথলেট গুরিন্দরবীর
জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফেই আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেড রোডে সেনাবাহিনীর অস্বস্তি বাড়িয়ে বা নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে নামাজ বা অন্য কোনও অনুষ্ঠান বিশেষ করে ধর্মের ভিত্তিতে কোনও রকম আয়োজন চলবে না। তাই এবার থেকে সংবিধান এবং যাবতীয় আইন মেনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই নামাজ পড়ার অনুমতি দিয়েছে রাজ্য। সেই মর্মে, খিলাফত কমিটির সহ সমস্ত আয়োজককে তৈরি থাকতে বলা হয়েছে।










