সহেলি মিত্র, কলকাতা: হাতে আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের (West Bengal HS 3rd Semester) পরীক্ষা। পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে রয়েছে পরীক্ষার্থীদের। যদিও এরই মাঝে এই দীর্ঘ প্রতীক্ষিত পরীক্ষাকে ঘিরে বড় তথ্য প্রকাশ্যে এল। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। এবার পরীক্ষা খাতায় নয়, OMR শিটে (OMR Sheet) হবে। তাই উত্তরপত্র পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের বিশেষ সতর্ক থাকতে হবে।
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার হবে OMR শিটে
যেহেতু এবারে ওএমআর শিটে পরীক্ষা হবে তাই পরীক্ষার আগে পরীক্ষার্থীদের কিছু বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে। যেমন পরীক্ষার আগে শিটে কালো বা নীল কালির কলম ব্যবহার করতে হবে। জেল পেন, পেনসিল বা অন্য রঙের কলম ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট ঘর সম্পূর্ণভাবে রং করতে হবে; টিক চিহ্ন, অর্ধেক রং বা একই ঘরে বারবার কালি দেওয়া যাবে না। OMR শিট ভাঁজ করাও নিষেধ। একইভাবে নির্দিষ্ট পদ্ধতিতে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও প্রশ্নপুস্তিকার সিরিজ নম্বর পূরণ করতে হবে।
কতক্ষণ পরীক্ষা হবে?
সংসদ সূত্রে জানা গিয়েছে, OMR শিটে চারটি সিরিজের নম্বর থাকবে এবং পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট সিরিজের ঘর পূরণ করতে হবে। বেশিরভাগ বিষয়ের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। মিউজিক, ভিস্যুয়াল আর্টস ও ১৬টি বৃত্তিমূলক বিষয়-সহ ১৮টি বিষয়ের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে ৩টে। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে হবে এবং পরীক্ষার ১৫ মিনিট আগে আসনে বসতে হবে।
আরও পড়ুনঃ স্টিয়ারিংয়ের গুলি খুলে ছুটছিল বাস, বাঁকুড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৫০ যাত্রী
পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৮৪ ধারা জারি থাকবে এবং আশপাশের ফটোকপি বা প্রতিলিপির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ, OMR শিটে অসাধু উপায় অবলম্বন কিংবা অনভিপ্রেত কিছু লিখলে এনরোলমেন্ট সরাসরি বাতিল করা হবে। পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবরে সম্ভাব্য বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে পরীক্ষাকেন্দ্রগুলিতে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখতে বলা হয়েছে।










