অনন্যা সরকার, হুগলি: একসময় উত্তরপাড়া পরিচিত ছিল দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী অ্যাম্বাসেডর গাড়ি তৈরির কারখানায় জন্য। কালের নিয়মে উৎপাদন কমতে কমতে প্রায় এক যুগ আগে তালা পড়ে যায় হিন্দুস্তান মোটরস (Hindustan Motors)-এর কারখানায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর আবার সিকেএ বিড়লা (CK Birla) গ্রুপের সংস্থাটি একটি যৌথ উদ্যোগের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি (EV) উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য উত্তরপাড়ায় জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছে। সোমবার রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তাপস রায় এই খবরটি প্রকাশ্যে আনেন।
শিল্পমন্ত্রীর কাছে হিন্দুস্তান মোটরসের প্রস্তাব
শিল্পমন্ত্রী তাপস রায় জানান, হিন্দুস্তান মোটরসের লোকজন উত্তরপাড়ায় একটি ইভি (EV) ইউনিট স্থাপনের প্রস্তাব নিয়ে তার সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। সরকারের তরফে যুদ্ধকালীন তৎপরতায় এই প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে। হিন্দুস্থান মোটরস সূত্রে জানা গেছে, সংস্থাটির কাছে এই মুহূর্তে দুটি প্রস্তাব রয়েছে। একটি ইউরোপীয় সংস্থার সঙ্গে এবং অন্যটি একটি মার্কিন গাড়ি প্রস্তুতকারকের সাথে। কর্তপক্ষ জানিয়েছে, রাজ্য সরকার যদি উত্তরপাড়ায় তাদের জন্য জমি বরাদ্দ করে, তাহলে তারা এই দুই সংস্থার মধ্যে যেকোনো একটির সঙ্গে একটি ইভি ইউনিট গড়ে তোলার জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করবে।
জানিয়ে রাখি, ১৯৪২ সালে উত্তরপাড়ায় ৭০০ একর জায়গা জুড়ে হিন্দুস্তান মোটরসের একটি কারখানা ছিল। এই কারখানায় অ্যাম্বাসেডর গাড়ি তৈরি হত এবং এটি ছিল টয়োটার (Toyota) পর এশিয়ার সবচেয়ে পুরোনো গাড়ি তৈরির কারখানা। তবে, ২০১৪ সালে অনির্দিষ্টকালের জন্য এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। সংস্থাটি এর আগে ২০০৯ সালে শ্রীরাম প্রপার্টিজের কাছে ৩১৪ একর এবং পরে প্রায় ১০০ একর জমি হিরানন্দানি গ্রুপের কাছে বিক্রি করে। এরপর জমি অব্যবহৃত হয়ে পড়ে থাকা এবং উৎপাদন প্রক্রিয়া পুনরায় চালু করতে ব্যর্থতার কারণ দেখিয়ে রাজ্য সরকার ২০২২ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে প্রায় ৩৯৫ একর জমি পুনরায় অধিগ্রহণ করে।
আরও পড়ুন: ‘বাংলার ডেয়ারি’র মতো তৈরি হচ্ছে রাজ্যের নিজস্ব সর্ষের তেলের ব্র্যান্ড, জানালেন খাদ্যমন্ত্রী
হিন্দুস্তান মোটরস কলকাতা হাইকোর্টে এই অধিগ্রহণকে চ্যালেঞ্জ করে মামলা করে। কিন্তু আদালত অধিগ্রহণটিকে বহাল রাখলে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ২০২৫ সালের জুলাই মাসে এইচএম-এর আপিল খারিজ করে দেয় শীর্ষ আদালত। ২০২২ সালের মে মাসে হিন্দুস্তান মোটরস উত্তরপাড়ায় একটি বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপনের জন্য একটি ইউরোপীয় সংস্থার সঙ্গে চুক্তি করে, কিন্তু রাজ্য সরকার জমিটি অধিগ্রহণ করার পর সেই মউ (MoU) বাতিল হয়ে যায়। তাই এখন সরকার পরিবর্তনের পর নতুন করে গাড়ি ইউনিট তৈরির পরিকল্পনা নিয়ে রাজ্য প্রশাসনের সাথে আলোচনা শুরু করেছে সংস্থাটি।










