এক ট্রেনেই হাওড়া থেকে নৈনিতাল, বদলে যাচ্ছে সেই বাঘ এক্সপ্রেস, মিলবে অত্যাধুনিক সুবিধা

Published:

Indian Railways to add new lhb coaches to Howrah-kathgodam bagh express

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বাঘের জঙ্গল সংলগ্ন এলাকা দিয়ে ট্রেনটি যাতায়াত করে বলে এবং পর্যটকদের বাঘ দেখার আকর্ষণ বাড়ানোর জন্যই এই ট্রেনটির নাম দেওয়া হয়েছে বাঘ এক্সপ্রেস। প্রতিদিন হাওড়া এবং উত্তরাখণ্ডের কাঠগোদামের মধ্যে যাতায়াতকারী বহু পুরনো এই ট্রেনের সাজ সজ্জায় এবার বিশেষ নজর দিল রেল। রেল সূত্রে খবর, যাত্রীদের মধ্যে জনপ্রিয় বাঘ এক্সপ্রেসের চেহারা এবার বদলে যেতে চলেছে।

চেহারা পাল্টে যাবে বাঘ এক্সপ্রেসের

ইস্টার্ন রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী জুন মাস থেকেই নতুন LHB কোচ নিয়ে ছুটবে জনপ্রিয় বাঘ এক্সপ্রেস ট্রেন। জানা যাচ্ছে, ট্রেন নম্বর 13019 এবং 13020 হাওড়া থেকে কাঠগোদাম আবার কাঠগোদাম থেকে হাওড়াগামী বিশেষ ট্রেনটিতে নতুন LHB কোচ জুড়তে চলেছে ভারতীয় রেল। এর ফলে বহু পুরনো কোচগুলি বাদ পড়বে। এক কথায়, নতুন LHB কোচ লাগিয়ে বাঘ এক্সপ্রেসের চেহারা পাল্টে দেবে রেল।

ইস্টার্ন রেলওয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 5 জুন নতুন LHB কোন যুক্ত বাঘ এক্সপ্রেস হাওড়া থেকে কাঠগোদামের উদ্দেশ্যে রওনা দেবে। একইভাবে 7 জুন আবার নতুন কোচযুক্ত ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে কাঠগোদাম থেকে ছাড়বে। বলে রাখি, আগে সাধারণত বাঘ এক্সপ্রেসে ওয়াগান মিলিয়ে মোট 18টি কোচ ছিল। তবে নতুন LHB কোচ জোড়ার পরে এবার থেকে মোট 16টি কোচ নিয়ে ছুটবে এই হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, এমনটাই রেল সূত্রে খবর। কোচ বদলের পাশাপাশি ভেতরের সাজসজ্জাতেও আসবে আমুল পরিবর্তন!

BAGH EXPRESS

অবশ্যই পড়ুন: খরচ ২০,৬৬৭ কোটি, দেশের প্রথম সেমি হাইস্পিড ডবল লাইন রেল প্রকল্পে অনুমোদন কেন্দ্রের

প্রসঙ্গত, একটা বড় অংশের যাত্রীদের জন্য বাঘ এক্সপ্রেসের পছন্দের নাম। তার কারণ প্রতিদিন এই ট্রেনে চেপেই হাওড়া থেকে প্রচুর সংখ্যক যাত্রী উত্তরাখণ্ডের কাঠগোদাম স্টেশনে পৌঁছন। বলাই বাহুল্য, এই স্টেশনটি যেহেতু উত্তরাখণ্ডের নৈনিতালে অবস্থিত। ফলে এই ট্রেনে চেপে সহজেই কলকাতা থেকে নৈনিতাল ভ্রমণ সম্ভব। এক কথায়, বাংলার সাথে ভিন রাজ্যকে সহজেই জুড়েছে এই বাঘ এক্সপ্রেস।