অনন্যা সরকার, কলকাতা: একই ঘটনার পুনরাবৃত্তি। বৈঠক ডেকেও বাতিল করলো বকেয়া মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) সংক্রান্ত সমস্যার নিষ্পত্তির জন্য গঠিত মনিটরিং কমিটি (Indu Malhotra Committee)। বুধবার এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখার্জি। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত জট কাটানোর জন্য দিল্লিতে আগামী ১২ সেপ্টেম্বর একটি বৈঠক আয়োজিত হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু কমিটির তরফে সেই বৈঠক দু’দিন আগেই বাতিল করা হল।
বাতিল বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত বৈঠক
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সম্পর্কিত সমস্যার কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণ করার জন্য রাজ্য অর্থ দফতরের উদ্যোগে ১২ সেপ্টেম্বর একটি বৈঠক নির্ধারিত ছিল। তবে, এটি এখন হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মলয় মুখার্জি জানান, ১২.০৯.২০২৬ তারিখের মনিটরিং কমিটির ডিএ বৈঠক বাতিল করা হয়েছে।
এর পাশাপাশি তিনি এও বলেন, “ইন্দু মালহোত্রা কমিটি আমাদেরকে নিয়ে কি ছেলেখেলা করছেন? ভাবুন একবার গতবার দু দুবার মিটিংয়ের তারিখ ঘোষণা (২৪/০৪/২৬ এবং ০১/০৫/২৬) করে একদিন আগে সেই মিটিং ক্যানসেল করে দিয়েছিল।” বারবার বৈঠক বাতিল করার ফলে বিমান ভাড়া বাবদ টাকা গচ্ছা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: দিল্লিতে বিক্ষোভকারী পড়ুয়াদের নোটিশ পাঠানোর জের, পুলিশকে ‘কড়া ধমক’ সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার সভাপতিত্বে মনিটরিং কমিটির এই মামলার সাথে জড়িত সব পক্ষগুলির আইনজীবী ও রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিত্ব করার জন্য ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট থেকে দশজন ব্যক্তির নামও অনুমোদন করা হয়। তবে, অনেকেই আশঙ্কা করেছিলেন সভাটি বাতিল হতে পারে এবং হলও তাই। মলয় মুখার্জী জানিয়েছেন বৈঠকের পরবর্তী দিন নির্ধারিত হলে, তা জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছে কমিটি।
আরও পড়ুন: জুনেই ৭১ লক্ষ, সুমিত রায়ের অ্যাকাউন্টে জমা পড়েছে ১৫ কোটি টাকা, সুপ্রিম কোর্টে দাবি রাজ্যের
উল্লেখ্য, দিল্লিতে ব্রিকস (BRICS) সম্মেলনের কারণে ইন্দু মালহোত্রা কমিটির ১২ সেপ্টেম্বরের বৈঠক বাতিল হওয়ার আশঙ্কা আগেই তৈরি হয়েছিল। জানা গেছে এই মেগা সম্মেলনের জন্য ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির সমস্ত সরকারি দফতর বন্ধ হবে। এর পাশাপাশি, কঠোর নিরাপত্তা ও যান চলাচলের ওপরও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেহেতু, পশ্চিমবঙ্গের ডিএ সংক্রান্ত বৈঠকটি দিল্লিতে সশরীরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তাই সরকারি দফতর বন্ধ এবং যাতায়াতের কড়াকড়ি ব্যাপক অনিশ্চয়তা তৈরি করেছিল। আর, এবার আশঙ্কা সত্যি করে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল।










