সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। বাংলায় চলাচলকারী একটি ট্রেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রেল, যার প্রভাব সকলের ওপর পড়বে। ট্রেন নম্বর 13159/60 যোগবনী-কলকাতা এক্সপ্রেস (Jogbani-Kolkata Express) দৈনিকভাবে চলাচল করবে না। কারণ কলকাতা স্টেশনের ওয়াশিং পিটে রক্ষণাবেক্ষণের জন্য স্লট পাওয়া যায়নি। যদিও চিন্তা নেই, কারণ হাওড়া কিংবা শিয়ালদা থেকে যোগবনী রুটে নতুন ট্রেন আসতে পারে, তাও আবার বন্দে ভারত (Vande Bharat Express)। বলে দিই, যোগবনী হল বিহার রাজ্যে। যা ভারতের শেষ সীমান্ত বলেও পরিচিত। কারণ এরপরেই শুরু হয় নেপাল।
আর প্রতিদিন চলবে না যোগবনী-কলকাতা এক্সপ্রেস?
এক রিপোর্ট অনুযায়ী, যোগবনীতে ওয়াশিং পিট তৈরি হয়ে গেলে যোগবনী থেকে হাওড়া/শিয়ালদা হয়ে পূর্ণিয়া, কটিহার, মালদা হয়ে বন্দে ভারত চলবে। এর জন্য অনুমতি অবধি নাকি পাওয়া গেছে। আর প্রতিদিন নাও চলতে পারে যোগবনী-কলকাতা এক্সপ্রেস বলে খবর। এদিকে রেলের নতুন বন্দে ভারত ট্রেন আনার ফলে সীমাঞ্চল এলাকা কলকাতা থেকে দ্রুত সংযোগ পাবে বলে আশা করা হচ্ছে। যুক্ত হতে পারে হাওড়া-যোগবনী বা শিয়ালদা-যোগবনী। আর এটা যদি সত্যিও হয়, তাহলে শিয়ালদা প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে পারে।
সম্প্রতি বিহারের আরারিয়ার সাংসদ প্রদীপ কুমার সিং নয়া দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আরারিয়া জেলা সহ সমগ্র সীমাঞ্চল অঞ্চলে রেল পরিষেবার সম্প্রসারণ, স্থগিত রেল প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করা এবং যাত্রীদের সুযোগ-সুবিধা উন্নত করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দুজন। সাংসদ এই দাবিগুলি সম্পর্কে রেলমন্ত্রীর কাছে একটি বিস্তারিত স্মারকলিপিও জমা অবধি দেন।
বড় দাবি সাংসদের
সাংসদ প্রদীপ কুমার সিং রেলমন্ত্রীকে জানান যে, সীমাঞ্চলের বিশাল জনগোষ্ঠী সহজ ও উন্নত রেল যোগাযোগের উপর নির্ভরশীল। এই অঞ্চলের রেল পরিকাঠামো শক্তিশালী করতে, নতুন ট্রেন চালু করতে এবং বিদ্যমান ট্রেনগুলির সম্প্রসারণের জন্য অমীমাংসিত প্রকল্পগুলির বিষয়ে সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়েছে। এমনকি সাংসদ যোগবনী/ফরিদপুরে প্রস্তাবিত ওয়াশিং পিট লাইন ও কোচ রক্ষণাবেক্ষণ প্রকল্পের জন্য অবিলম্বে প্রশাসনিক অনুমোদন দাবি করেছেন। তিনি জানান, এই প্রকল্পে বিলম্বের কারণে এই অংশে নতুন ট্রেন চালু করা বাধাগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুনঃ গাড়ি, বাস অতীত! এবার UBER অ্যাপেই বুক করা যাবে ট্রেন, কীভাবে করবেন দেখুন
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সাংসদ দাবি করেছেন যে যোগবনী-কলকাতা এক্সপ্রেস (১৩১৫৯/১৩১৬০) সপ্তাহে সীমিত দিনের পরিবর্তে প্রতিদিন চালানো হোক। যদিও এখন পরিস্থিতি আচমকাই বদলে গিয়েছে বলে খবর। এই ট্রেনের যোগবনী থেকে কলকাতা প্রস্থান সময় পরিবর্তনের অনুরোধও করা হয়েছে। শীঘ্রই এ নিয়ে কাজ করা হবে। পরবর্তী সময়সূচিতে যোগবনী স্টেশন থেকে প্রস্থান সময় সন্ধ্যা ৬.১০, পূর্ণিয়া ৭.৪০, কাটিহার ৮.১৫/৮.৪৫, মালদা ১১.১০, কলকাতা ৫.৩৫ প্রস্তাবিত করা হবে।










