প্রীতি পোদ্দার, কলকাতা: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শিলিগুড়িতে (Siliguri) হামলার মুখে পড়লেন বেশ কয়েকজন সাংবাদিক (Journalist Attacked)। জানা গিয়েছে, একটি নামী ব্র্যান্ডের ডুপ্লিকেট চাল (Duplicate Rice Case) বিক্রির খবর কভার করতে গিয়েই সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠল এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতেই নাকি লাঠি দিয়ে মারধর করা হয় সাংবাদিকদের। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই তুমুল শোরগোল শুরু হয়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের বচসা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শিলিগুড়ির খালপাড়ার এক চালের গুদামে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম ও প্যাকেট ব্যবহার করে নিম্নমানের বা নকল চাল বাজারে বিক্রি করার অভিযোগ পেয়েছিলেন বেশ কিছু সাংবাদিক। আর সেই খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন তাঁরা। সেখানে তখন চালের প্যাকেট, দোকান এবং বিক্রির প্রক্রিয়া সম্পর্কে পুলিশ অভিযান চলছিল। আর সেই তথ্য সংগ্রহ করার সময় আচমকাই ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, সাংবাদিকরা নাকি ঘটনাস্থলে খবর সংগ্রহ করার সময় চাল ব্যবসায়ীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল।
মারধর করা হয় সাংবাদিকদের
সাংবাদিকদের সঙ্গে ব্যবসায়ীদের বচসা এতটাই বেড়ে গিয়েছিল যে পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের মারধর করা হয়। এমনকি কেড়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য খালপাড়া থানা এবং শিলিগুড়ি থানা থেকে আরও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। ঘটনায় কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে ডুপ্লিকেট চাল বিক্রির অভিযোগটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: অন্নপূর্ণার টাকায় প্রথমবার উমার আরাধনা, অভিনব উদ্যোগ পাণ্ডুয়ার গ্রামের মহিলাদের
অন্যদিকে, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। দোকানের সামনে তাঁরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। এখন দেখার পুলিশ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ওই চাল ব্যবসায়ী বা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।










