মাধ্যমিক ও HS পড়ুয়াদের মুশকিল আসান, শুরু হল এমপি শিক্ষা মিশন, কী কী সুবিধা মিলবে?

Published:

MP Shiksha Mission

অনন্যা সরকার, কলকাতা: গত বছর অক্টোবর মাসে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের কথা ভেবে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) চালু করেছিলেন ‘এমপি শিক্ষা মিশন’ (MP Shiksha Mission)। এবার এই প্রকল্পের রেজিস্ট্রেশন ফর্ম নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছেন কাকলি। প্রধানত অর্থনৈতিক সচ্ছলতা নেই এমন ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্যই সংসদের এই পদক্ষেপ। রাজ্যের যেসমস্ত ছাত্রছাত্রীরা আর্থিক ও সামাজিক কারণে পড়াশোনায় পিছিয়ে পড়েছে কিংবা উপযুক্ত গৃহশিক্ষকের (Home Tutor) অভাবে অসুবিধায় পড়েছে এমন মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করবে এই প্রকল্প।

‘এমপি শিক্ষা মিশন’-এ পাওয়া যাবে কী কী সুবিধা?

কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে চালু হওয়া প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা দক্ষ শিক্ষকদের কাছে বিনামূল্যে টিউশন পড়তে পারবে। এই উদ্যোগের আওতায়, প্রতি রবিবার বারাসত গভর্নমেন্ট কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা হয়। 

এই প্রকল্পের মূল লক্ষ্য হল আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্যে করা। যাতে তারা অর্থের অভাবে কোনো ভালো সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং পরীক্ষায় আরও ভালো ফলাফল করতে পারে।

আরও পড়ুনঃ রথে ট্রেনের ভরসা ছেড়ে সরকারি এসি বাসে শুয়ে শুয়ে যান পুরী, মহিলাদের জন্য ছাড়

গত ২৭ তারিখেই ‘এমপি শিক্ষা মিশন’-এর এই ফর্মটি তার অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তার অ্যাকাউন্ট থেকেই ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে জমা করা যাবে। ফর্মে দিতে হবে রেজিস্ট্রেশন ডিটেইলস এবং শ্রেণি ও স্ট্রিম সম্পর্কিত সমস্ত তথ্য। কোন কোন বিষয়ে টিউশনের দরকার রয়েছে, সেগুলিও ফর্মে উল্লেখ করতে হবে ছাত্র-ছাত্রীদের।