দ্বিগুণ আয়, চাহিদাও তুঙ্গে! বাংলায় জনপ্রিয়তা বাড়ছে ‘সুপারফুড’ কেল পাতার, আশায় কৃষকরা

Published:

Kale Harvesting in India

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় খাবারে শাকপাতার ব্যবহার বহু কাল ধরেই চলে আসছে। বাজারে গেলে সহজেই পুই, পালং বা কলমির মতো দেশীয় শাকের দেখা মেলে। এগুলোর দামও খুব একটা বেশি নয়। কিন্তু বাজারে এখন এক বিদেশি পাতার চাহিদা বাড়ছে। এমনকি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এর চাষও। এই পাতাটি হল কেল (Kale)। রাজ্যের শীতকালীন আবহাওয়া এবং আধুনিক হাইড্রোপনিক প্রযুক্তির সহায়তায় কেল ধীরে ধীরে একটি লাভজনক অর্থকরী ফসল হয়ে উঠেছে (Kale Harvesting)। 

কেল পাতার গুণাগুণ ও ব্যবহার

বাঁধাকপি ও ব্রকলি গোত্রীয় এই শাক তার উচ্চ পুষ্টিগুণের কারণে ‘সুপারফুড’ (Superfood) হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও কে-এর পাশাপাশি রয়েছে আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কলকাতাসহ অন্যান্য শহরাঞ্চলের স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে তাই কেলের চাহিদা বাড়ছে।  এছাড়া, রেস্তোরাঁ, হোটেল ও ক্যাফেগুলোতে স্যালাড, স্যুপ বা স্মুদি তৈরিতে কেলের ব্যবহার এর বাজারকে ইতিমধ্যেই বেশ প্রসারিত করেছে। বাজারে প্রতি কেজি কেলের দাম প্রায় ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হওয়ায়, প্রচলিত শাকসবজির তুলনায় কৃষিজীবীদের কাছে এটি বেশ লাভজনক বিকল্প হয়ে উঠেছে।

কেল মূলত শীতল আবহাওয়ার ফসল। ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটির চাষ সবচেয়ে ভালো হয়। অতিরিক্ত গরমে এর পাতা তেতো হয়ে যেতে পারে এবং অকালে ফুল চলে আসতে পারে। তাই রাজ্যের শীতল পাহাড়ি অঞ্চল এই পাতা চাষের উপযোগী। তবে শীতকালে উত্তর ২৪ পরগনা জেলাতেও কেলের চাষ হচ্ছে। পলিহাউস এবং হাইড্রোপনিক পদ্ধতির মাধ্যমে এটি উৎপাদন করা হচ্ছে।

আরও পড়ুন: অপরাজিতা ফুলে ভরে যাবে গাছ, এই সামান্য জিনিসের ব্যবহারে দ্রুত আসবে নতুন কুঁড়ি

সমতল ভূমিতে কেলের চারা রোপণের উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। প্রথমে ট্রে বা উঁচু বীজতলায় চারা তৈরি করে নেওয়া ভালো। এরপর চারা ৪ থেকে ৫ সপ্তাহের হলে সেগুলোকে মূল জমিতে রোপণ করতে হবে। ৫.৬ থেকে ৬.৮ পিএইচ (pH) মাত্রার উর্বর ও সুনিষ্কাশিত দোআঁশ মাটি কেল চাষের উপযোগী। মাটিতে ভালোভাবে গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে জমি প্রস্তুত করলে উর্বরতা বাড়ে। চারা রোপণের সময় প্রতিটি চারার মধ্যে ৩০ সেন্টিমিটার ও সারিগুলোর মাঝে ৪৫ সেন্টিমিটার দূরত্ব বজায় রাখা দরকার। খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় জল না জমে, নাহলে  গাছের শিকড়ের ক্ষতি হতে পারে। 

কেল চাষের একটি বড় সুবিধা হলো এর ‘কাট-অ্যান্ড-কাম-অ্যাগেইন’ পদ্ধতি, অর্থাৎ গাছগুলি থেকে বারবার ফসল কেটে সংগ্রহ করা যায়।  একবারে একটি গাছ থেকে প্রায় ৪ থেকে ৪.৫ কেজি পাতা পাওয়া যায়। কেল গাছের মাঝের বর্ধনশীল অংশটি ঠিক রাখলে এটি থেকে দীর্ঘ সময় ধরে একটানা ফলন পাওয়া সম্ভব। এই ফসল ফলাতে অল্প জায়গার প্রয়োজন এবং পরিচর্যাও খুব একটা বেশি লাগে না। কিন্তু বারবার ফসল তোলার সুবিধা থাকায় দীর্ঘমেয়াদী আয়ের সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো আধুনিক কৃষিপদ্ধতিতে আগ্রহী কৃষকদের কাছে কেল চাষকে আকর্ষণীয় করে তুলেছে।

google button