অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE -West Bengal Board of Primary Education) সরকারি অনুদানপ্রাপ্ত ও সরকার পোষিত প্রাথমিক ও জুনিয়র বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য আবেদনকারী প্রতিবন্ধী প্রার্থীদের তাদের পিডাব্লিউবিডি (PwBD / Person with Benchmark Disability) বিভাগটি আপডেট বা সংশোধন করার জন্য সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। অনলাইনেই করা যাবে তথ্য সংশোধন। এর জন্য ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
কারা এই PwBD বিভাগ সংশোধনের সুযোগ পাবেন?
পূর্ববর্তী সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত প্রার্থী ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পূর্বে PwD (প্রতিবন্ধী ব্যক্তি) বিভাগে আবেদন করেছিলেন, তারা এই সুবিধা পাওয়ার যোগ্য। তারা তাদের বিভাগটি পরিবর্তন করে ‘UR-PwBD’ অথবা ‘SC-PwBD’-তে আপডেট করতে পারবেন। শুধু সেইসব প্রার্থী, যারা ৫ নভেম্বর, ২০২৬-এ পর্ষদের পূর্ববর্তী নির্দেশিকা প্রকাশের পরেও তাদের পিডাব্লিউবিডি সংক্রান্ত তথ্য সংশোধন করেননি, তারাই এই সংশোধনের সুযোগটি ব্যবহার করতে পারবেন।

আপডেট করার প্রক্রিয়া
নির্দিষ্ট বিভাগটি আপডেটের জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। সেখানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ২০২৫ (Primary Teacher Recruitment 2025) লিঙ্কে ক্লিক করে ক্যাটাগরি কারেকশন (Category Correction) অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপডেট বা সংশোধন করা যাবে। পর্ষদ জানিয়ে দিয়েছে যে, পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার পর আর সময়সীমা বাড়ানোর কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। তাই, সমস্ত যোগ্য প্রার্থীকে নির্ধারিত তারিখের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘যুবশ্রী’ ও চাকরির খবর পেতে চাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, কীভাবে করবেন? জানুন
উল্লেখ্য, যেসব প্রার্থী পিডাব্লিউবিডি সংরক্ষণের সুবিধা দাবি করবেন, তাদের কাউন্সেলিং, ভর্তি ও নথিপত্রের যাচাইকরণের সময় নির্ধারিত ফরম্যাটে ও প্রচলিত সরকারি নির্দেশিকা মেনে ইস্যু করা একটি বৈধ পিডাব্লিউবিডি সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে যে, নথিপত্র যাচাইকরণের সময় মূল সার্টিফিকেট যারা দেখাতে পারবেন না, তাদের সংরক্ষণ (Reservation) সংক্রান্ত দাবি বাতিল বলে গণ্য করা হবে। সেক্ষেত্রে, বোর্ড ও নির্দিষ্ট কর্তৃপক্ষের যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী প্রার্থীর বিষয়টি বিবেচনা করা হবে।










