বন্ধ কালনা-চুঁচুড়া সরকারি বাস পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা, কী হল হঠাৎ?

Published:

Kalna Chinsurah Bus Services Suspended

অনন্যা সরকার, পূর্ব বর্ধমান: সামনে পুজো, তার আগে হঠাৎই বন্ধ হল কালনা-চুঁচুড়া সরকারি বাস পরিষেবা (Kalna Chinsurah Bus Service)। অন্যান্য রুটেও ব্যাহত হচ্ছে পরিষেবা। এর ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। কালনাবাসীরা দ্রুত পরিষেবা চালুর দাবি করছেন। শোনা যাচ্ছে, কালনায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) ডিপোর ভূগর্ভস্থ তেলভান্ডারে জল ঢুকে যাওয়ার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে? কী জানালো কর্তৃপক্ষ?

কালনার এসবিএসটিসি ডিপো থেকে বন্ধ চুঁচুড়ার পরিষেবা

একসময় কালনা ও চুঁচুড়ার মধ্যে ৮ নম্বর রুটে সরকারি ও বেসরকারি উভয় বাস পরিষেবাই চালু ছিল, যার ফলে বহু মানুষ উপকৃত হতেন। কিন্তু বেশ কয়েক বছর আগেই এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এই অঞ্চলের বাসিন্দাদের একমাত্র নির্ভরযোগ্য পরিবহন মাধ্যম হয়ে ওঠে ট্রেন। তবে, পশ্চিমবঙ্গে পালাবদলের পর বিজেপি সরকার রাজ্যের বাস পরিষেবাকে উন্নততর করে তোলার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে অন্যতম ছিল পুরোনো বন্ধ হয়ে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ রুট পুনরায় চালু করা।

সেই পদক্ষেপের অংশ হিসেবে কালনা ও চুঁচুড়ার মধ্যে আবার সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) বাস পরিষেবা চালু করা হয়। একে স্বাগত জানান কালনা ও চুঁচুড়াবাসীরা। তবে গত দশ দিন এই রুটে বাস পরিষেবা বন্ধ রয়েছে। এছাড়াও, আরও কয়েকটি রুটে পরিষেবা অনিয়মিতভাবে চলছে। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। 

আরও পড়ুন: গ্রেটার নয়ডায় এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ ৯

পরিষেবা বন্ধ হওয়া প্রসঙ্গে এক কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কালনা ডিপোর ভূগর্ভস্থ ফুয়েল রিসার্ভারে জল ঢুকে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে, চুঁচুড়া রুটে বাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অন্যান্য রুটেও এসবিএসটিসি-এর বাস চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। বর্তমানে অন্যান্য ডিপোর রিসার্ভার থেকে জ্বালানি সংগ্রহ করে পরিষেবা চালু রাখা হচ্ছে। এখন জোরকদমে মেরামতের কাজ চলছে। আশা করা যায় খুব শীঘ্রই পরিষেবা আবার চালু হবে।