১৬ কোটি টাকা বকেয়া বাড়ি ভাড়া, তৃণমূলের পতন হতেই বন্ধ কলকাতা টিভির ঝাঁপ

Published:

Kolkata TV

সৌভিক মুখার্জী, কলকাতা: বন্ধ হয়ে গেল বাংলার টিভি চ্যানেল কলকাতা টিভি (Kolkata TV)। নেপথ্যে কারণ কোটি কোটি টাকার বকেয়া বাড়ি ভাড়া! প্রাক্তন তৃণমূল সরকারের দাপটেই রমরমিয়ে চলত এই চ্যানেল। কিন্তু রাজ্যে সরকারের পালাবদল হতেই ভেঙে চূর্ণ হয়ে গিয়েছে সেই দাপট। যে কারণে চাকরি হারাতে হল কয়েকশো সাংবাদিককে। এমনটাই দাবি আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলামের।

বাড়ি ভাড়া না দিতে পারায় বন্ধ কলকাতা টিভি

আসলে গত পরশুদিন থেকেই এই টিভি চ্যানেলে নিয়মিত লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন না দর্শকরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি বন্ধ হয়ে গেল এই টিভি চ্যানেল? সেই জল্পনাতেই শিলমোহর দিলেন আরামবাগ টিভির সাংবাদিক। তিনি জানান, কলকাতা টিভির অফিসে কাজ সম্পূর্ণ বন্ধ। আসলে কলকাতা টিভির পুরনো অফিস ছিল পার্ক স্ট্রিট মল্লিক বাজার এলাকায়। তবে এখন সেই অফিস লালবাজারের পোদ্দার কোর্ট এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। ওই সাংবাদিকের দাবি, পার্ক স্ট্রিটের অফিসের মতো নতুন অফিসেও কলকাতা টিভির মালিক কৌস্তব রায় নাকি বাড়ি ভাড়া দিতেন না। এমনকি সেই বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়ে ছিল ১৬ কোটি টাকা।

যেহেতু বিগত ১৫ বছর ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, সেই ক্ষমতার দম্ভ দেখিয়েই দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন কলকাতা টিভির মালিক। তবে রাজ্যের পালাবদলের পরেই সেই ক্ষমতার বল হারিয়েছেন কৌস্তব রায়। সেই কারণে এবার ওই বাড়ির মালিক বাধ্য হয়ে অফিসের ইলেকট্রিক লাইন কেটে দিয়েছেন। এমনকি সবথেকে বড় ব্যাপার, বিকল্প উপায়ে যে জেনারেটর ভাড়া করে অফিস চালাবে, সেরকম পরিস্থিতিও রাখেনি বাড়ির মালিক। বাধ্য হয়েই লোটাপত্র গোটাতে হয় কলকাতা টিভির।

আরামবাগ টিভির সাংবাদিকের দাবি, তিনিও দীর্ঘ পাঁচ বছর কলকাতা টিভিতে সাংবাদিকতা করেছেন। কিন্তু পার্ক স্ট্রিটের আগের অফিসেও একইভাবে ভাড়া দেওয়া হতো না। এমনকি সেই বাড়ির মালিক মামলা করে জিতেও গিয়েছিলেন। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে কলকাতা টিভিকে সহজে সরানো যাচ্ছিল না। সবথেকে বড় ব্যাপার, হাইকোর্টের অর্ডার চলে এসেছিল। উচ্ছেদ হবে সবাই ভেবেই নিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় মমতা ব্যানার্জিকে ওই চ্যানেলে লাইভ টেলিকাস্টে বসিয়ে দেওয়া হয়। আর তখন তিনি মুখ্যমন্ত্রী হব হব এরকম পর্যায়ে রয়েছেন। সেই কারণে আটকে যায় উচ্ছেদ। কিন্তু পরে দীর্ঘ টালবাহানার মাধ্যমে পার্ক স্ট্রিট থেকে লোটাপত্র গুটিয়ে লালবাজার এলাকার পোদ্দার কোর্টে অফিস তৈরি করে কলকাতা টিভি। আর সেখান থেকেই চলছিল এই চ্যানেল।

আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে কবে কাদের বিরুদ্ধে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা? জেনে নিন

কিন্তু পোদ্দার কোর্ট এলাকায় অফিস তৈরি করার পরেও সেই একইভাবে ভাড়া দেওয়া হতো না। ফলত দীর্ঘদিন ধরে বকেয়া জমতে জমতে তা ১৬ কোটিতে গিয়ে দাঁড়ায়। এবার নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, যে এই চ্যানেল তাহলে কীভাবে চলছিল? আসলে এই চ্যানেলের মালিক কৌস্তব রায়ের সঙ্গে তৎকালীন তৃণমূল সরকারের ঘনিষ্ঠতা ছিল দুধের মাছির মতো। বিজেপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা রটানো থেকে শুরু করে তৃণমূলের হয়ে প্রচার করত এই চ্যানেল। মোদ্দা কথা, তৎকালীন সরকারের ফান্ড দিয়েই রান করত কলকাতা টিভি। তবে ক্ষমতার পালাবদল হতেই রক্ষা পেল না জনপ্রিয় এই টিভি চ্যানেল।