রোপওয়েতে মাত্র ৪৫ মিনিটেই কার্শিয়াং থেকে দার্জিলিং! কবে হবে চালু?

Published:

Kurseong Darjeeling Ropeway

সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরবঙ্গের পর্যটনের মুকুটে নয়া পালক জুড়তে চলেছে। সবথেকে বড় বিষয়, দীর্ঘ যানজট থেকে মুক্তি পেতে চলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা। কারণ খুব শীঘ্রই কার্শিয়াং–দার্জিলিং (Kurseong Darjeeling Ropeway)-এর মধ্যে রোপওয়ে পরিষেবা শুরু হতে চলেছে বলে খবর। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কবে থেকে চালু হচ্ছে? দুই পিঠের ভাড়াই বা কত হবে? চলুন জেনে নিই।

কার্শিয়াং থেকে দার্জিলিং রোপওয়েতে মাত্র ৪৫ মিনিটে!

সবকিছু ঠিকঠাক থাকলে কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে ৪–৬ ঘণ্টার বদলে মাত্র ৪৫ মিনিট সময় লাগতে পারে। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত কার্শিয়াং–দার্জিলিং রোপওয়ে প্রকল্প পাহাড়ের যোগাযোগ ও পর্যটনে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। এক রিপোর্ট অনুযায়ী, প্রায় ২০–২২ কিমি দীর্ঘ এই রোপওয়েতে ৪–৫টি স্টেশন থাকবে। তবে এই রোপওয়ে-র ভাড়া কত হবে সে সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি।

দীর্ঘ যানজট থেকে মুক্তি মিলবে

BOOT মডেলে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দিনে যাত্রী পরিবহণ এবং রাতে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহেও এটি ব্যবহার করা হতে পারে। পর্যটন মরশুমে NH-110-এর যানজট কমানোর পাশাপাশি পাহাড়ি রাস্তায় চাপ কমাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ হতে পারে। প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে বলে জানা গিয়েছে। এবার BOOT মডেলে বেসরকারি সংস্থাগুলিকে যুক্ত করতে EOI ডাকার প্রস্তুতি চলছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কার্শিয়াং থেকে দার্জিলিং, বিশেষত ঘুমের পর থেকে প্রায় নিত্যদিনই তীব্র যানজট হয়। সেই সমস্যা এড়াতেই রোপওয়ে নির্মাণের প্রস্তাব। রাতে রোপওয়ের মাধ্যমে পণ্য পরিবহণের পরিকল্পনাও রয়েছে। তবে প্রকল্পটি এখনও প্রস্তাবের পর্যায়ে থাকায় প্রশাসন প্রকাশ্যে কিছু জানায়নি। বড় কোনও শিল্পগোষ্ঠীর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা চলছে। দার্জিলিং জেলা প্রশাসনের এক কর্তা জানান, গত মে মাসে শিলিগুড়ি থেকে সড়কপথে দার্জিলিং পৌঁছতে প্রায় ৮ ঘণ্টা লেগেছিল।

আরও পড়ুনঃ উৎসবের মরসুমে পকেটে টান আমজনতার, রেপো রেট বাড়াল RBI, কতটা?

শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে সময় লেগেছিল প্রায় ২ ঘণ্টা, কিন্তু এরপর যানজটের কারণে বাকি পথ যেতে আরও প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছিল। রোপওয়ে চালু হলে কার্শিয়াং থেকে দার্জিলিং শহরে পৌঁছতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শিল্পপতি গৌতম আদানি ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যেখানে রোপওয়েও রয়েছে। ফলে এই প্রকল্পে আদানি গোষ্ঠীর আগ্রহ থাকতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

google button