বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার, সরকারিভাবে প্রকাশ্যে এসেছে রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রীর নাম (Nisith Pramanik)। জল্পনাতে না থাকলেও বাংলার ক্রীড়া দপ্তর এখন নিশীত প্রামানিকের হাতে। আর দায়িত্ব কাঁধে নিতে না নিতেই বিজেপির দীর্ঘদিনের সৈনিক একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বাংলার ক্রীড়া জগতকে রাজনীতি মুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য। সেই সাথে, গত ডিসেম্বরে লিওনেল মেসির (Lionel Messi) আগমনকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটা বিশৃঙ্খলার ঘটনা স্মরণ করিয়ে মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠালেন তিনি। বললেন, “পূর্ণাঙ্গ তদন্ত হবে। কাউকে রেয়াদ করা হবে না।”
মেসি কাণ্ডের ফাইল খুলতে চলেছে বিজেপি সরকার?
গত ডিসেম্বরে শহরে পা পড়েছিল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির। তবে আর্জেন্টাইন মহাতারকার আগমনটা শুভকর হলেও প্রস্থানের সময় শহর কলকাতায় ছিল বিশৃঙ্খলা। নিজেদের কষ্টার্জিত অর্থ খরচ করে প্রিয় তারকাকে দেখতে সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বহু ভক্ত। তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠদের ভিড়ে আসল লোককেই দেখতে পাননি তাঁরা। যার জেরে স্বাভাবিকভাবেই ক্ষোভের উদ্রেক হয় ভক্তদের মধ্যে। যার ফলাফল যুবভারতীর বিশৃঙ্খলা।
সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কমিটি গঠনের সাথে সাথে ওই দিনই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেসিকে ভারতে নিয়ে আসার নেপথ্যে মূল কারিগর শতদ্রু দত্তকে। এরপর বেশ কয়েকবার আদালতে তোলা হয়েছিল তাঁকে। মেসি কান্ডের জেরে একটা দীর্ঘ সময় পুলিশই হেফাজতে থাকতে হয়েছিল বঙ্গ ক্রীড়া সংগঠকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যের নতুন সরকারের কাছে মেসি কান্ডে নতুন করে তদন্তের আবেদন জানিয়েছিলেন শতদ্রু। তাছাড়াও এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছিলেন, আর জি কর কাণ্ড থেকে শুরু করে সন্দেশখালি, সমস্ত ফাইল খোলা হবে। যেমন কথা তেমন কাজ! এবার মেসি কান্ডের পূর্ণাঙ্গ তদন্ত চাইছে সরকার।
অবশ্যই পড়ুন: বিকেলে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আচমকাই মুড বদল আবহাওয়ার
সদ্য রাজ্যের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব নিয়েই নিশীথ প্রামানিক একেবারে খোলাখুলি জানালেন, বাংলার ক্রীড়াঙ্গনগুলোকে রাজনীতি মুক্ত করতে চান তিনি। সেই সাথে পশ্চিমবঙ্গের স্পোর্টস কমিটিগুলিতে পরিবার তন্ত্রের ছায়া সরিয়ে সেক্টরগুলিকে পুরোপুরি স্বাধীন করে তুলতে চান রাজ্যের ক্রীড়ামন্ত্রী। সূত্রের খবর, এদিন রাজ্যের ক্রীড়া ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের কথা বলার পাশাপাশি যুবভারতীর বিশৃঙ্খলা অর্থাৎ মেসি কান্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন নিশীত। ক্রীড়া মন্ত্রী নাকি জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত হবে। দোষীরা শাস্তি পাবেই! কাউকে রেয়াদ করা হবে না।










