বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ দিবসের ঠিক একদিন পরই আজ অর্থাৎ সোমবার রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ (West Bengal Budget 2026) করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর সেই বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ল 20 শতাংশ। গত সরকারের আমলে এক ধাক্কায় এত DA বৃদ্ধি বোধহয় কল্পনাও করতে পারতেন না কর্মীরা। এতদিন যেখানে সরকারি কর্মচারীরা 18 শতাংশ DA পেতেন এবার তা বেড়ে হচ্ছে 38 শতাংশ। কিন্তু তাতেও সন্তুষ্ট নন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক তথা মূল DA মামলাকারী সংগঠনগুলির প্রধান মুখ মলয় মুখোপাধ্যায়।
শুভেন্দু সরকারের DA বৃদ্ধিতে সন্তুষ্ট নন মলয়!
সোমবার, 2026-27 আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করাকালীন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, “আমরা আনন্দের সাথে ঘোষনা করছি রাজ্যের সরকারি কর্মীদের বর্তমান 18 শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত 20 শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ মোট মহার্ঘ ভাতা বা DA এর পরিমাণ দাঁড়াবে 38 শতাংশে। পেনশন প্রাপকরা অতিরিক্ত 20 শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। এই বৃদ্ধি আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর হয়ে যাবে।”
রাজ্য সরকারের তরফে সরকারি কর্মীদের স্বার্থে এমন ঘোষণা সত্বেও খুশি নন রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক তথা মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায়! রাজ্য বাজেট পেশের পরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে মলয় লিখেছেন, “ডিএ শূন্য বাজেট। এপ্রিল 2026 থেকে সেপ্টেম্বর 2026 এই ছয় মাস কর্মীদের নয়া সরকার ললীপাপ ধরিয়ে দিল। আমরা তা চুষবো।”
অবশ্যই পড়ুন: বাজেটে বিদ্যুতের বিল ছাড়ের ঘোষণা, কাদের স্বস্তি দিল রাজ্য সরকার?
মলয় মুখোপাধ্যায়ের এমন পোস্ট থেকে বোঝাই যাচ্ছে রাজ্য সরকারের DA বৃদ্ধিতে সন্তুষ্ট নন তিনি! অন্যদিকে পূর্বতন সরকারের আমল স্মরণ করিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানিয়েছেন, “রাজ্য সরকার বাজেট ঘোষণার সময় 20 শতাংশ DA বৃদ্ধি করেছে। এটা মন্দের ভাল। কারণ গত সরকার যেভাবে বঞ্চনা করে এসেছে সেটা কোনও সরকারের পক্ষে একসঙ্গে মেটানো সম্ভব না। আমরা মোটের উপর সন্তুষ্ট।” রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পুজোর মাসের মধ্যেই বর্ধিত 20 শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে। বাকিটাও ধীরে ধীরে পেয়ে যাবেন কর্মীরা। আর একটা বাজেট পর্যন্ত অপেক্ষা করে যান।










