প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল সকাল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উপস্থিত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আইনজীবীর পোশাকে নয়া রূপে দেখা গেল কোর্ট চত্বরে। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার, ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি হওয়ার কথা, আর সেই কারণে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করার জন্য তিনি এসেছেন। সকাল ১০টার কিছু পর মূল দরজা দিয়ে কলকাতা হাইকোর্টে ঢোকেন তিনি।
হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
রিপোর্ট অনুযায়ী, আজ, বৃহস্পতিবার, আইনজীবীর পোশাক পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আসলে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূলপন্থী আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার মামলাটির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছিল। আজ সেই কারণে হাইকোর্টে উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে মামলা লড়তে পারেন তিনি।
তৃণমূলের হয়ে এসেছেন মমতা
গত ৪ মে নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই খবর আসছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ২,০০০ তৃণমূল সমর্থক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। অন্তত ৩৬৫টি তৃণমূল কার্যালয় ভাঙচুর বা ভস্মীভূত করা হয়েছে। এছাড়া, বহু কর্মী-সমর্থক প্রাণের ভয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। আর সেই ঘটনার প্রতিবাদে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কোনও নিরপেক্ষ কেন্দ্রীয় বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই হিংসার ঘটনার তদন্ত করানোর আর্জিও জানানো হয়েছে। আর তাই সেই মামলার শুনানিতে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: খরচ ৪৭৪ কোটি, শিয়ালদা লাইনে নতুন প্রকল্পের সূচনা! টেন্ডার ডাকল পূর্ব রেল
প্রসঙ্গত, এর আগে SIR মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের ‘আইনজীবী’ হিসেবে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে অন্যান্য আইনজীবীদের পাশে দাঁড়িয়ে নিজের মামলায় সওয়াল পর্যন্ত করেছিলেন তিনি। যা গোটা দেশের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছিল। কারণ এতদিনে ভারতবর্ষের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে সুপ্রিম কোর্ট বা অন্য আদালতে সওয়াল করতে দেখা যায়নি। আর আজ আবারও নির্বাচনের পর সেই ‘আইনজীবী’ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল হাইকোর্ট চত্বরে।










