মমতার আয়ের একমাত্র উৎস বন্ধ! বইয়ের রয়্যালিটি পাচ্ছেন না বলে অভিযোগ

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার পালা পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেসকে একাধিক সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দলের ভাঙনের জেরে একদিকে যেমন দ্বিধায় পড়ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্যদিকে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় নানা আর্থিক সমস্যায় ভুগছে দলের কর্মীরা। এই অবস্থায় মমতার আয়ে এবার হস্তক্ষেপের অভিযোগ উঠল বিজেপির সরকারের (Government Of West Bengal) বিরুদ্ধে। অভিযোগ উঠছে তাঁর লেখা বইগুলো থেকে এখনও পর্যন্ত কোনও রয়্যালটি পাননি মমতা। আর তাই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি।

লাইভে এসে বিজেপিকে তোপ মমতার

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, মঙ্গলবার, ফেসবুকে লাইভ ভিডিয়োতে বিজেপি সরকারের একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাস্তায় কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হয় না বলে অভিযোগ তুলে মমতা বলেন, “আমাকে রাস্তায় বেরতো দেওয়া হচ্ছে না। রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। অন্য রাজনৈতিক দলগুলিকে অনুমতি দেওয়া হলেও আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না। এরজন্য আদালতে গিয়ে অনুমতি নিতে হচ্ছে। সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। জেলা পরিষদ, পঞ্চায়েত দখল করছে।” এরপরই নিজের লেখা বই বিক্রি নিয়ে সরব হন মমতা।

বইয়ের রয়্যালটি পাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ধরে লেখালিখির সঙ্গে যুক্ত। তাঁর লেখা অজস্র বই বইমেলায় যেমন বিক্রি হয় ঠিক তেমনি আবার বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যায়। প্রবন্ধ, গল্প, কবিতার বই রয়েছে তাঁর। আর সেই বই বিক্রির রয়্যালটিতেই তিনি সংসার চালান। সরকারের কোনো বেতন পেনশন তিনি নেন না। অতীতেও একাধিক সংবাদমাধ্যমে তিনি সেই কথা স্বীকার করেছিলেন। কিন্তু অভিযোগ উঠছে সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সেই রয়্যালটিও তিনি এখন পাচ্ছেন না। এবার সেই নিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ৫ টাকা দিলেই ২৪ ঘন্টা মিলবে প্যাড, মহিলাদের জন্য বাংলায় চালু হল স্যানিটারি ATM

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগের সুরে বলেন যে, “আমি আজ অবধি এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি। এমনকি আমি আজ পর্যন্ত এক পয়সাও পেনশন নিইনি। একমাত্র আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। কিন্তু, সেই রয়্যালটিও আমি এ বছর পাইনি। নিশ্চয় বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে রয়েছে। কারণ মানুষ বইমেলায় বই কিনেছে। সেই টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে। কিন্তু, আজও পর্যন্ত আমি পাইনি। নিশ্চয় এর পিছনে বিজেপির খেলা রয়েছে।” স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে তবে কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর আয়ের উৎস সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিতে চলেছে বিজেপি সরকার?