‘আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে!’ হাদি খুনে অমিত শাহর হাত? বিস্ফোরক মমতা!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভয়ানক পরাজয়ের পর মঙ্গলবার প্রথম কর্মসূচি ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন ধর্মতলার Y চ্যানেলে ধর্না দেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই নিটের প্রশ্ন ফাঁস থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা, হকার উচ্ছেদের মতো একাধিক ইস্যু নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ করে বসেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, হাদির হত্যাকারীরা সীমান্ত পেরিয়ে বাংলায় আসার পর এসটিএফের হাতে ধরা পড়লে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পেয়েছিলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পেয়েছিলেন মমতা!

নির্বাচনে ঘোর পরাজয়ের ধাক্কা কিছুতেই সামলে উঠতে পারছে না তৃণমূল কংগ্রেস। তার উপর ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শাসক দলের বহু নেতাকর্মী দলের প্রতি নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। জল্পনা বাড়ছে তৃণমূলের টিকিটে জয়ী 50 জন বিধায়ককে নিয়ে। শোনা যাচ্ছে, বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা দল গড়তে পারেন তাঁরা। আর ঠিক সেই আবহে মঙ্গলবার ধর্নাস্থল থেকে বিজেপিকে আক্রমণ করে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বাংলাদেশে হাদিকে হত্যা করার পর তাঁর হত্যাকারী বাংলায় পালিয়ে এসেছিল। পরবর্তীতে এসটিএফ তাদের পাকড়াও করলে মমতার কাছে নাকি ফোন আসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি নাকি ওই ফোনালাপে তৃণমূল নেত্রীকে বলেছিলেন, হাদির হত্যাকারীরা যে বাংলায় পালিয়ে এসেছে এই খবর যেন বাইরে না যায়।

মমতার কথায়, “বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার বলার অধিকার নেই। কিন্তু আমি যেটা বলছি, পয়েন্টটা.. তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাঁকে ধরে। এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি। আজ অত্যাচারের শেষ সীমায় গেছে বলে, আমি এখনও নামটা বলছিনা ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে আমি সেটা চাই না।”

অবশ্যই পড়ুন: প্রচণ্ড গরমে এসি ছাড়াই ঠান্ডা হবে বাড়ি, মেনে চলুন এই টিপস

মমতা বললেন, দেশের স্বার্থে তিনি নাম বলবেন না তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ফোনে বলেছিলেন, “আপনি শুধু আপনার বাংলার পুলিশকে একটু বলে দিন যাতে এই কথা বাইরে না যায়।” এক কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দোষীদের আড়াল করার চেষ্টা করেছেন! যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা। বিজেপির তরফেও এ নিয়ে নতুন কোনও বক্তব্য আসেনি। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায় যে নতুন করে বিতর্ক জন্মেছে সে কথা বলাই যায়।